নিউ ইয়র্ক, মার্চ ১১ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)-- ওয়াল স্ট্রিটের ইতিহাসে সবচেয়ে বড় জালিয়াতির অভিযোগ স্বীকার করেছেন বার্নাড মেডফ। এরপর তাকে কারাগারে পাঠানে হয়েছে। আগামী জুনে আদালতের রায়ে তার ১৫০ বছরের বেশি কারাদণ্ড হতে পারে বলে মনে করা হচ্ছে।
ম্যানহাটনের কেন্দ্রীয় আদালতে বৃহস্পতিবার প্রায় ১০ মিনিটের লিখিত বক্তব্যে নাসডাক স্টক মার্কেটের সাবেক চেয়ারম্যান মেডফ জানান, তিনি প্রথম থেকেই জানতেন অপরাধ করছেন, তবে ভাবতেন খুব শিগগিরই জালিয়াতি ছেড়ে দেবেন।
ডেনি চিনের আদালতে তিনি বলেন, "জানি অসংখ্য মানুষকে আমি ঠকিয়েছি, এজন্য এখন আমি কতটা দুঃখিত তা বোঝাতে পারব না।"
প্রায় ৫০ বিলিয়ন ডলারের প্রতারণামূলক 'পনজি স্কিম' চালানোর অভিযোগে গত ডিসেম্বরে গ্রেপ্তারের পর প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বললেন তিনি।
জালিয়াতির মাধ্যমে কী পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন সে বিষয়ে তিনি পরিষ্কার করে আদালতকে কিছু বলেননি। তবে বিচারকরা জানিয়েছেন, ২০ বছরের বেশি সময় ধরে তিনি চার হাজার আটশ'র বেশি গ্রাহকের প্রায় ৬৫ বিলিয়ন ডলার মেরে দিয়েছেন।
পনজি স্কিমের মাধ্যমে উচ্চ মুনাফা দেওয়ার লোভ দেখিয়ে মেডফ বিনিয়োগকারীদের আকৃষ্ট করেন এবং কোনরকম ব্যবসায় না গিয়ে পরবর্তী বিনিয়োগকারীদের কাছ থেকে পাওয়া অর্থে আগের বিনিয়োগকারীদের মুনাফা দিয়ে আসছিলেন।
মেডফ বলেন, "যখন পনজি স্কিম চালাতে শুরু করেছিলাম তখন আমার ধারণা ছিল খুব শিগগির আমি এই জালিয়াতি বন্ধ করে দেবো এবং গ্রাহকদের এর থেকে বের করে আনব।"
তবে পরে আর তা সম্ভব হয়নি জানিয়ে তিনি বলেন, "এরপর যত বছর গেছে আমি বুঝতে পেরেছি গ্রেপ্তার এড়ানো আমার পক্ষে আর সম্ভব নয়। একদিন আমাকে গ্রেপ্তার হতেই হবে।"
আদালত ভবনে যখন মেডফকে হাতকড়া পরানো হয় তখন সেখানে উপস্থিত পনজি স্কিমে অর্থ লগ্নি করা অনেকেই হাততালি দেন। তার প্রতিষ্ঠানে অর্থ লগ্নি করে ধরা খাওয়া অনেকেই শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন।
তিনি স্বীকার করেন, এই জালিয়াতির জন্য তিনি একাই দায়ী। তবে বিনিয়োগকারীরা মনে করছেন তার একার পক্ষে এতবড় জালিয়াতি করা সম্ভব হয়নি। এই অপরাধের সঙ্গে তার প্রতিষ্ঠানের অন্যরাও জড়িত বলে তাদের ধারণা।
বক্তব্য রাখার সময় কালো স্যুট পরিহিত মেডফকে বেশ শান্ত দেখাচ্ছিল। তিনি বলেন, আদালতে কথা বলার সুযোগ পাওয়ায় তিনি কৃতজ্ঞ।
দুর্নীতি, জালিয়াতি ও প্রতারণার এ সব অভিযোগে ৭০ বছর বয়সী মেডফকে ১৫০ বছর জেল দেওয়ার পক্ষে যুক্তি দেখাচ্ছেন সরকার পক্ষের আইনজীবীরা। আগামী জুন মাসে তার বিচারের রায় হতে পারে।
আইনজীবীরা গত বুধবার আদালতে মেডফের জালিয়াতির নতুন নতুন তথ্য-প্রমাণ হাজির করেন। এতে বলা হয়, ১৯৮০ দশকের শুরু থেকে তিনি এই সব অপরাধ করে এসেছেন।
আদালতে পেশ করা নথিতে সরকার জানিয়েছে, তারা চায় জালিয়াতির মাধ্যমে অর্জিত মেডফের সমস্ত অর্থ বাজেয়াপ্ত করা হোক। এই অর্থের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ১৭০ দশমিক ৮ বিলিয়ন ডলার।
ভারপ্রাপ্ত সরকারি কৌঁসুলি লেভ ডেসিন বলেন, "২০ বছরেরও বেশি সময় ধরে মেডফ যে সব ভয়াবহ জালিয়াতি করে এসেছেন তার বিরুদ্ধে তোলা অভিযোগে সেগুলোই প্রতিফলিত হয়েছে।"
মেডফ একসময় নাসডাক স্টক মার্কেটের চেয়ারম্যান ছিলেন। তবে ১৯৬০ সালে নিজ নামে বার্নার্ড এল মেডফ ইনভেস্টমেন্ট সিকিউরিটিস এলএলসি প্রতিষ্ঠা করে তিনি ব্যাপক পরিচিতি পান। এই কোম্পানির ছত্রছায়ায় তিনি অসাধু পন্থায় বিশাল তহবিল গড়ে তুলেছেন।
বিডিনিউজ ২৪ ডটকম/এফএইচবি/এমএইচবি/১৮৩২ ঘ.
bdnews24