ভুবনেশ্বর, মার্চ ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -ভারতীয় জনতা পার্টি'র (বিজেপি) নেতৃত্বাধীন প্রধান বিরোধী দলীয় জোট ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) থেকে বেরিয়ে গেছে অন্যতম শরিক বিজু জনতা দল (বিজেডি)।
এপ্রিল-মে মাসে নির্বাচনের আগমুহূর্তে শক্তিশালী এ দলটির জোটত্যাগে বিজেপি জোট দুর্বল হয়ে পড়তে পারে এবং থার্ড ফ্রন্ট হিসেবে পরিচিত কমিউনিস্ট জোট লাভবান হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
রোববার এনডিএ জোট থেকে বেরিয়ে যাওয়া বিজেডি ওড়িশ্যা রাজ্যে কমিউনিস্টদের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করবে বলে ঘোষণা দিয়েছে। এর আগে রাজ্যটিতে আসন বন্টন নিয়ে বিজেপির সঙ্গে আলোচনা ভেঙে যায় বিজেডির।
২০০৪ সালে ওড়িশ্যার মোট ২১টি আসনের মধ্যে ১১টিতে জিতেছিল বিজেডি। আর বিজেপি পেয়েছিল ৭ টি আসন।
বিজেডি'র মুখপাত্র দামোদর রাউত বলেছেন, "জয়ের সম্ভাবনা বিবেচনা না করেই নিজেদের আরও বেশি প্রার্থী মনোনয়ন দিতে চায় বিজেপি। এ বিষয়ে তারা খুবই একরোখা।"
বিশ্লেষকরা বলছেন, এ ঘটনায় জাতীয় পরিসরে ক্ষমতাসীন কংগ্রেস নেতৃত্বাধীন জোট এবং বিজেপির নেতৃত্বাধীন প্রধান বিরোধী দলীয় জোটের বাইরে তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হতে চাওয়া কমিউনিস্টদের নেতৃত্বাধীন জোট লাভবান হতে পারে।
বিশ্লেষক স্বপন দাসগুপ্ত বলেন, "এটা বিজেপির জন্য একটি বড় বিপর্যয়।"
স্বপন বলেন, তবে যেহেতু কমিউনিস্টদের সঙ্গে বিজু জনতা দলের এ জোটবদ্ধতা কেবল রাজ্য পর্যায়ে সীমাবদ্ধ তাই এর ফলে নির্বাচনোত্তর হিসেব-নিকেষ করার এবং প্রয়োজনে সুযোগ বুঝে এনডিএ জোটে ফিরে আসার সুযোগ রয়েছে দলটির।
১৯৯৮ সাল থেকে এনডিএ জোটে ছিল বিজেডি বা বিজু জনতা দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১৬০২ ঘ.
bdnews24