২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরও পৃথিবী খুঁজতে মহাকাশে গেছে ক্যাপলার

মহাকাশে আমাদের পৃথিবীর মতো জীবন উপযোগী গ্রহ খুঁজতে একটি শক্তিশালী টেলিস্কোপ পাঠিয়েছে নাসা। ক্যাপলার নামের টেলিস্কোপটি শুক্রবার রাতে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে মনুষ্যবিহীন ডেল্টা রকেটের সাহায্যে উৎক্ষেপণ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2009, 12:29 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

কেপ ক্যানাভেরাল, ফ্লোরিডা, মার্চ ৭ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)-- মহাকাশে আমাদের পৃথিবীর মতো জীবন উপযোগী গ্রহ খুঁজতে একটি শক্তিশালী টেলিস্কোপ পাঠিয়েছে নাসা। ক্যাপলার নামের টেলিস্কোপটি শুক্রবার রাতে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে মনুষ্যবিহীন ডেল্টা রকেটের সাহায্যে উৎক্ষেপণ করা হয়। ক্যাপলার মহাশূন্যে পৌঁছে সূর্যকে প্রদক্ষিণ করতে করতে সাইনাস ও লিরা তারামণ্ডলির ফাঁক দিয়ে নজর রাখবে এক লাখের বেশি তারার ওপর। ওই সব তারাদের সঙ্গে ছুটে চলা কোন গ্রহ থেকে আলোর বিচ্ছুরণ দেখা যায় কীনা তার ওপরই চোখ থাকবে ক্যাপলারের। তবে এই খোঁজাখুঁজি যে কতটা কঠিন হবে তা ধরা পড়েছে ক্যাপলার প্রকল্পের ব্যবস্থাপক জিম ফানসনের কথায়। "স্ব স্ব তারার সঙ্গে ছুটে চলা বৃহস্পতির আকারের এক একটি গ্রহকে চিহ্নিত করা হবে অনেকটা গাড়ির হেডলাইটের আলোয় ছুটে চলা মশার কার্যক্রম পরিমাপ করার মতো।" তাছাড়া এই পৃথিবীর মতো প্রাণপ্রসবিনী গ্রহের তত্ত্ব-তালাশ বেশ সময় সাপেক্ষ ব্যাপারও। সূর্যের থেকে পৃথিবীর দূরত্ব যত, পিতৃতারা থেকে এমন দূরত্বের ও পৃথিবীর আকৃতির এক একটি গ্রহ ক্যাপলারের নজরে আসবে বছরে মাত্র একবার। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর আকৃতির একটি গ্রহের অস্তিত্ব সম্পর্কে তাদের নিশ্চিত হতে হলে গ্রহটি অন্তত তিনবার ক্যাপলারের নজরে পড়তে হবে। ৫৯১ মিলিয়ন ডলারের এই প্রকল্পের পক্ষে যুক্তি দেখিয়ে নাসার মহাকাশ বিজ্ঞানের সহযোগী প্রশাসক এড উইলার বলেন, "আমরা এ যাবৎ সৌরপরিবারের বাইরে ৩ শয়েরও বেশি গ্রহ আবিষ্কার করলেও এখন পর্যন্ত কোন পৃথিবী খুঁজে পাইনি।" শপ্তদশ শতাব্দির জোর্তিবিজ্ঞানী জোহানস ক্যাপলারের নামকরণ করা দূরবিনটির সৌজন্যে এবার আমাদের গ্রহের মতো গ্রহ খুঁজে পাওয়ার ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছেন অনেকে। ওয়াশিংটনের কার্নেগি ইনস্টিটিউটের সঙ্গে জড়িত জোর্তিবিজ্ঞানী অ্যালান বস বলেন, "ক্যাপলার পৃথিবীসদৃশ কোন গ্রহ খুঁজে না পেলে আমরা খুবই বিস্মিত হব। আমার বিশ্বাস, বেশ বড় আকারেরও কিছু পৃথিবী খুঁজে পাব আমরা।" বিডিনিউজ ২৪ ডটকম/এমএইচবি/১৮১৫ ঘ.