বিসকেক, মার্চ ৬ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)--- কিরগিজস্তান গত মাসে মার্কিন সামরিক বিমান ঘাঁটি বন্ধের সিদ্ধান্ত নেওয়ার পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনীর অন্যান্য সদস্যদেশের সঙ্গে একইধরনের চুক্তি শুক্রবার বাতিল করেছে।
আফগানিস্তানে তালেবান বিরোধী লড়াইয়ের জন্য ১১ টি চুক্তির ভিত্তিতে কিরগিজস্তানের মানাস মার্কিন বিমান ঘাঁটি ব্যবহার করে আসছিল অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া এবং নিউজিল্যান্ডসহ ইউরোপীয় কয়েকটি দেশ। শুক্রবার কিরগিজস্তানের পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে ওই চুক্তিগুলো বাতিলের পক্ষে ভোট দিয়েছে।
এর আগের মাসে কিরগিজস্তানের প্রেসিডেন্ট কারমানবেক বাকিয়েভ মানাস বিমান ঘাঁটি বন্ধে রাশিয়ার কাছ থেকে ২ বিলিয়ন ডলার সাহায্য ও ঋণ পাওয়ার পর ঘাঁটিটি বন্ধের সিদ্ধান্ত নিলে পার্লামেন্ট এতে সমর্থন জানায়।
এরপর সরকার সেনাদেরকে ঘাঁটি ছাড়ার জন্য ছয়মাস সময় দিয়ে মার্কিন দূতাবাসকে আনুষ্ঠানিকভাবে নোটিশ পাঠায়।
বিডিনিউজ ২৪ ডটকম/এলকিউ/১৮৪১ ঘ.
bdnews24