নয়াদিল্লি, মার্চ ০৫ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)- ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বারাম জানিয়েছেন, সরকার আশঙ্কা করছে আগামী সাধারণ নির্বাচনী প্রচারণার সময় জঙ্গি হামলা হতে পারে।
বুধবার রাতে 'হেডলাইনস টুডে' নিউজ চ্যানেলকে চিদাম্বারাম বলেন, "নির্বাচনের প্রচারণার সময় জঙ্গিরা বড় ধরনের নাশকতার চেষ্টা করতে পারে। কাজেই আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে।"
বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে গত নভেম্বরে জঙ্গি হামলায় ১৬৬ জন নিহত হওয়ার পর থেকে ভারতে জঙ্গি সহিংসতার আশঙ্কা বৃদ্ধি পেয়েছে। মুম্বাই হামলায় ১৬৯ জন নিহত হয় বলে জানানো হলেও সরকার এখন বলছে নিহতের সংখ্যা ১৬৬।
বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে আগামী এপ্রিল ও মে মাসের সাধারণ নির্বাচনের সময় ২০ লাখের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হবে। এবারের নির্বাচনে ভোটারের সংখ্যা প্রায় সাড়ে ৭১ কোটি।
প্রধান বিরোধীদল সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় নির্বাচনী প্রচারণায় নিরাপত্তার বিষয়টি প্রধান ইস্যু হয়ে উঠতে পারে।
মুম্বাই হামলার পর কংগ্রেস নেতৃত্বাধীন সরকার সন্ত্রাসবিরোধী নতুন নতুন পদক্ষেপ নিয়েছে। তবে প্রধান বিরোধীদল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বারবার অভিযোগ করে আসছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকারের অবস্থান দুর্বল।
তবে মুম্বাই হামলার পরপরই সরকার যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে সোচ্চার হয় সে বিষয়টি ভোটারদের কাছে আবেদন সৃষ্টি করতে পারে। ভারত অভিযোগ করে আসছে মুম্বাই হামলার পেছনে পাকিস্তানি গোয়েন্দাদের হাত ছিল।
ভারতের অভিযোগ পাকিস্তান তাদের মাটিতে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে না।
চিদাম্বারাম বলেন, গত মঙ্গলবার লাহোরে শ্রীলংকার ক্রিকেটারদের ওপর হামলার ঘটনা আবারও প্রামাণ করেছে পাকিস্তান সন্ত্রাসবাদ দমনে আন্তরিক নয়।
বিডিনিউজ ২৪ ডটকম/এফএইচবি/এলকিউ/১৫০৫ ঘ.
bdnews24