বেইজিং, মার্চ ০৪ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)- চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও বৃহস্পতিবার জানিয়েছেন, তাইওয়ানের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টিতে আলোচনায় প্রস্তুত তার দেশ।
পার্লামেন্টে দেওয়া বক্তৃতায় জিয়াবাও আরও বলেন, সামরিক ইস্যুতেও তাইওয়ানের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছে চীন।
চীনপন্থী হিসেবে পরিচিত মা ইইং-জেউ গত বছরের মে মাসে তাইওয়ানের প্রেসিডেন্ট হওয়ার পর থেকে দুই দেশের সম্পর্ক যে উষ্ণ হতে চলেছে, জিয়াবাওয়ের মন্তব্য তারই লক্ষণ। তবে এটা বড় কোনো অগ্রগতি নয়।
১৯৪৯ সালের গৃহযুদ্ধের পর থেকে তাইওয়ান নিজেদের আলাদা দেশ দাবি করে আসলেও চীন এখনও তাইওয়ানকে নিজেদের অংশ বলেই মনে করে। তাইওয়ানের জাতিসংঘ সদস্যপদ লাভের চেষ্টা এবং স্বাধীনতার পক্ষে যে কোনো পদক্ষেপ রুখতে প্রয়োজনে বলপ্রয়োগ করা হবে বলেও বরাবরই হুমকি দিয়ে এসেছে চীন।
শান্তি চুক্তি হলে উভয়পক্ষ লাভবান হবে বলে জানিয়েছে তাইওয়ান সরকার। তবে তারা দাবি করেছে, রাজনৈতিক চুক্তির আগে চীনের সঙ্গে তাইওয়ানের অর্থনৈতিক চুক্তি হওয়া প্রয়োজন।
তাইওয়ানের প্রেসিডেন্টের মুখপাত্র টনি ওয়াং বলেন, "শান্তি চুক্তি দুই পক্ষের জন্যই মঙ্গলজনক হবে। তবে আমাদের ইচ্ছা, আগে অর্থনৈতিক চুক্তি হোক এবং তারপরেই রাজনৈতিক চুক্তি।"
জিয়াবাও বলেন, "দুই পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা সৃষ্টির লক্ষ্যে আমরা এক চীন নীতির ভিত্তিতে কাজ করব।"
তিনি আরও বলেন, "উভয়পক্ষের মধ্যে বৈরিতার অবসান ঘটিয়ে শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আমরা রাজনৈতিক ও সামরিক ইস্যুতে আলোচনায় রাজি আছি।"
বিডিনিউজ ২৪ ডটকম/এফএইচবি/১৩৩৫ ঘ.
bdnews24