মস্কো, মার্চ ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- আফগানিস্তানের মার্কিন বাহিনীর জন্য নিজ ভূখন্ডের মধ্য দিয়ে ট্রেনে করে রসদ ও অনান্য সামগ্রী নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে রাশিয়া। এর মধ্য দিয়ে ওয়াশিংটনের সঙ্গে মস্কোর ক্রমবর্ধমান সহযোগিতার লক্ষণই প্রকাশ পাচ্ছে।
মস্কোয় মার্কিন দূতাবাসের এক মুখপাত্র বলেছেন, ন্যাটো সদস্য দেশ লাটভিয়া থেকে রসদবাহী ট্রেন রাশিয়ায় প্রবেশ করেছে এবং দেশটির মধ্য দিয়ে আফগানিস্তানের পথে গেছে।
আফগানিস্তানে তালেবান জঙ্গিদের সঙ্গে লড়াইরত মার্কিন বাহিনীর জন্য ন্যাটো পাকিস্তানের বিকল্প রসদ সরবরাহ রুট খুঁজছে। কারণ, পাকিস্তানে পশ্চিমা সেনা বহরগুলো বারবার তালেবান জঙ্গিদের হামলার শিকার হচ্ছে।
দূতাবাসের মুখপাত্র বলেন, "নির্মাণ সামগ্রীর মতো রসদ সরবরাহের অনুমতি দেওয়া হয়েছে। এই রসদ শূক্রবারেই রাশিয়ার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে আমার ধারণা।"
ক্রেমলিন বলেছে, আফগানিস্তানে তারা নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে সহযোগিতা বাড়াতে ইচ্ছুক।
রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এ মাসে বলেছেন, তিনি আফগানিস্তান ও পাকিস্তানে মৌলবাদী দলগুলোর হুমকি দেখে সরবরাহ রুটের ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গেই বেশি কাজ করতে প্রস্তুত রয়েছেন।
তবে রাশিয়া যুক্তরাষ্ট্রকে আফগানিস্তানে কতদূর পর্যন্ত সাহায্য করবে সে ব্যাপারে স্পষ্ট কোনও সংকেত দেয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০১২ ঘ.
bdnews24