২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ক্রমবর্ধমান বিশৃঙ্খলার মুখে পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি'

পাকিস্তানে স্বাধীন বিচারবিভাগের দাবিতে বিরোধীদল একাট্টা হতে থাকায় প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি গণতন্ত্রকে শক্তিশালী করার পদক্ষেপ না নিলে ক্রমবর্ধমান বিশৃঙ্খলার মুখে পড়বেন। জারদারির প্রধান প্রতিপক্ষ সোমবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2009, 12:23 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

নারোয়াল পাকিস্তান মার্চ ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তানে স্বাধীন বিচারবিভাগের দাবিতে বিরোধীদল একাট্টা হতে থাকায় প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি গণতন্ত্রকে শক্তিশালী করার পদক্ষেপ না নিলে ক্রমবর্ধমান বিশৃঙ্খলার মুখে পড়বেন। জারদারির প্রধান প্রতিপক্ষ সোমবার একথা বলেছেন। সাবেক সেনাপ্রধান পারভেজ মুশাররফের পদত্যাগ এবং বেসামরিক সরকার ক্ষমতা নেওয়ার ছয় মাসেরও কম সময়ে রাজনৈতিক সংকটে পতিত হয়েছে পাকিস্তান। ক্ষমতাসীন জোট সরকারের নেতা ও প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী আসিফ আলি জারদারি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে ক্ষমতার লড়াইয়ে জড়িয়েছেন। পাকিস্তান সুপ্রিম কোর্ট গত সপ্তাহে নওয়াজ শরিফ ও তার ভাই শাহবাজ শরিফ বিরোধী রায় দেওয়ার পর থেকে প্রতিদিনই বিক্ষোভ করছে শরিফের সমর্থকরা। সুপ্রিম কোর্ট গত বুধবার নওয়াজ শরিফের প্রাদেশিক সরকারকে অপসারণ করার পাশাপাশি পাঞ্জাবের মূখ্যমন্ত্রী হিসাবে তার ভাই শাহবাজ শরিফের গত বছরের নির্বাচন বাতিল করে। একইসঙ্গে নওয়াজ এবং শাহাবাজ শরিফের নির্বাচনে অংশগ্রহণও নিষিদ্ধ করে আদালত। প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি পাঞ্জাবে শরিফের দলের নেতৃত্বাধীন সরকারকে সরিয়ে কেন্দ্রের শাসন জারি করেছেন। জারদারির এই পদক্ষেপের বিরুদ্ধে এ মাসে দেশজুড়ে আরও বিক্ষোভের আশঙ্কা রয়েছে। তাছাড়া স্বাধীন বিচারবিভাগের দাবিতে আইনজীবী আন্দোলনও জোরাল হয়ে উঠছে। রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে শরিফ বলেন, "পরিস্থিতি এখনও সামাল দেওয়া না গেলে তা আরও খারাপের দিকে যাবে। তার ব্যক্তিগত কর্মসূচির সঙ্গে পাকিস্তানের কর্মসূচি এবং আমাদের কর্মসূচির সংঘাত দেখা দিয়েছে। আর তা হচ্ছে গণতন্ত্র ও স্বাধীন বিচারবিভাগ পুনরুদ্ধার করা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮১৩ ঘ.