ওয়াশিংটন, মার্চ ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর নতুন কৌশল নির্ধারণের সময় দেশটি থেকে সেনা প্রত্যাহার শুরুর একটি সময়সীমা ঠিক করার পক্ষে ফ্রান্স। দেশটির প্রতিরক্ষামন্ত্রী হার্ভে মরিন সোমবার একথা বলেছেন।
যুক্তরাষ্ট্রের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য ফরাসী প্রতিরক্ষামন্ত্রী ওয়াশিংটন সফরের সময় একথা বলেন।
ওয়াশিংটন ভিত্তিক থিঙ্কট্যাংক 'সেন্টার ফর ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ' আয়োজিত এক অনুষ্ঠানে মরিন বলেন, "আমেরিকার বর্ধিত অংশগ্রহণের সঙ্গে সম্পর্কিত করে আমরা যখন আফগানিস্তানে সামগ্রিক বিষয়াবলী পুননির্ধারণ করছি তখন আমি মনে করি আমাদের অবশ্যই দ্রুত ও যৌক্তিকভাবে কিছূ দিনক্ষণ ঠিক করা দরকার।"
তিনি বলেন, "কেন দ্রুত ও যৌক্তিকভাবে জোট সেনাদের প্রত্যাহার শুরুর একটি সময় ঠিক করা হবে না ?"
যুক্তরাষ্ট্রের উর্ধ্বতন কর্মকর্তারা আফগানদের বারবার এটি আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে, ন্যাটো সেনারা দখলদার সেনা নয়। কিন্তু তারা কখনওই সেনা প্রত্যাহারের সময়সীমা সম্পর্কে কিছু বলেননি।
এ মুহূর্তে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ৩৮,০০০ সেনা মোতায়েন রয়েছে এবং প্রেসিডেন্ট ওবামা আগামী কয়েক মাসের মধ্যে সেখানে আরও ১৭,০০০ সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এপ্রিল মাসের শুরুতে ন্যাটো নেতাদের সঙ্গে এক সম্মেলনে আফগান কৌশল পুননির্ধারণের কথা রয়েছে বারাক ওবামার।
বিডিনিউজ ২৪ ডটকম/এএমটি/এলকিউ/১৭১৫ ঘ.
bdnews24