জেরুজালেম, ২০ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের ডাক পাচ্ছেন ডানপন্থী নেতা বেনইয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রেসিডেন্ট শিমন পেরেজের অফিস থেকে শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, পরবর্তী প্রশাসনের প্রধানের দায়িত্বভার নেওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ গ্রহণ করতে লিকুদ পার্টির নেতা শুক্রবারেই প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন। এরপর ৬ সপ্তাহের মধ্যে তাকে একটি জোট সরকার গঠন করতে হবে।
নেতানিয়াহু ১৯৯০ দশকেও ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন।
এর আগে পেসিডেন্টের দপ্তরের একজন কর্মকর্তা জানান, ইসরায়েলে নতুন সরকার গঠনের প্রক্রিয়ায় প্রেসিডেন্ট শিমন পেরেজ শুক্রবার পৃথকভাবে ডানপন্থী লিকুদ দলের নেতা নেতানিয়াহু এবং মধ্যপন্থী কাদিমা দলের প্রধান জিপি লিভনির সঙ্গে বৈঠক করেছেন। তিনি একটি ঐকমত্যের সরকার গঠনে তাদের একমত হওয়ার আহ্বান জানান।
গত ১০ ফেব্র"য়ারির পার্লামেন্ট নির্বাচনে লিভনির কাদিমা পার্টি ২৮ এবং নেতানিয়াহুর লিকুদ পার্টি ২৭টি আসন পেয়েছে। দুই নেতাই প্রধানমন্ত্রী পদের দাবি করেছে। ১২০ আসনের পার্লামেন্টে কোন দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দেশটিতে জোট সরকার গঠন অনিবার্য হয়ে ওঠে। তবে তৃতীয় স্থান পাওয়া কট্টর ডানপন্থী ইসরায়েল বেইতেইনু পার্টি একটি বৃহত্তর কোয়ালিশন সরকার গঠনের শর্তে বৃহস্পতিবার নেতানিয়াহুর প্রতি সমর্থন ব্যক্ত করার কথা প্রেসিডেন্টকে জানিয়েছে।
এতে বিরোধী দলীয় নেতা নেতানিয়াহুর ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠে। তিনি মধ্যপন্থী কাদিমা ও বাম-ঘেঁষা লেবার দলের সঙ্গে জোট সরকার করার ইচ্ছার কথা জানিয়েছেন।
তবে কাদিমা ও লেবার পার্টি বলেছে, তারা লিকুদ পার্টির সঙ্গে সরকারে যাওয়ার চেয়ে বিরোধী দল হিসেবেই থাকতে চায়। দল দুটি সরকারে না যাওয়ার ব্যাপারে অবিচল থাকলে নেতানিয়াহুকে জাতীয়তাবাদী ও ইহুদি ধর্মীয় দলগুলোর সহায়তায় সরকার গঠন করতে হবে।
নেতানিয়াহু বৃহস্পতিবার বেইতেইন পার্টির ১৫টিসহ ডানপন্থী প্রায় ৬৫ জন পার্লামেন্ট সদস্যের সমর্থন পেয়েছেন।
লিভনির কাদিমা পার্টি চায় জোট সরকার গঠন করা হলে লিকুদ ও কাদিমা পার্টির নেতারা পালাক্রমে দুই বছর করে প্রধানমন্ত্রী পদে থাকবেন। কিন্তু লিকুদ তাতে রাজি নয়। তাদের যুক্তি, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ ডানপন্থী সদস্যরা যেহেতু নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়েছে, তাই তাকে প্রধানমন্ত্রী করেই সরকার গঠন করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯৪০ ঘ.
bdnews24