২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিরগিজ পার্লামেন্টে মার্কিন বিমানঘাঁটি বন্ধের অনুমোদন

মার্কিন বিমানঘাঁটি বন্ধে সরকারের প্রস্তাব বৃহস্পতিবার অনুমোদন করেছে কিরগিজস্তানের পার্লামেন্ট। ক্ষমতাসীন একে ঝোল পার্টির সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্টে ৭৮-১ ভোটে প্রস্তাবটি পাশ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2009, 01:05 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

বিশকেক, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন বিমানঘাঁটি বন্ধে সরকারের প্রস্তাব বৃহস্পতিবার অনুমোদন করেছে কিরগিজস্তানের পার্লামেন্ট। ক্ষমতাসীন একে ঝোল পার্টির সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্টে ৭৮-১ ভোটে প্রস্তাবটি পাশ হয়েছে। মধ্য এশিয়ায় সর্বশেষ মার্কিন বিমান ঘাঁটি 'মানাস' বন্ধ হয়ে গেলে আফগানিস্তানে সেনা মোতায়েন বৃদ্ধি করতে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট বারাক ওবামার পরিকল্পনা হুমকির মুখে পড়বে। আফগানিস্তানে সেনা ও গোলবারুদ পাঠাতে এই বিমান ঘাঁটি ব্যবহার করে মার্কিন বাহিনী। তাছাড়া বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সম্পর্কের অবনতির মুখে বিমান ঘাঁটিটি বন্ধ হয়ে যাওয়া হবে যুক্তরাষ্ট্রের জন্য আরেক ক্ষতি। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত এই অঞ্চলগুলোতে রাশিয়া এখনও তাদের প্রভাব বজায় রাখতে সচেষ্ট। পার্লামেন্টে ভোটাভুটির পর কিরগিজ পররাষ্টমন্ত্রী কাদায়ারবেক সার্বায়েভ সাংবাদিকদের বলেন, "সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যুক্তরাষ্ট্রের ঘাঁটিটি উচ্ছেদ করার নোটিশ জানিয়ে এর কার্যক্রম বন্ধ করতে ১৮০ দিন সময় দেওয়া হবে।" বৃহস্পতিবার পাশ হওয়া বিলে রাষ্ট্রপতি কুরমানবেক বাকিয়েভ কবে স্বাক্ষর করবেন সে বিষয়ে সার্বায়েভ কিছু জানাননি। তবে কিরগিজ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে পার্লামেন্টে পাশ হওয়া বিলে ৩০ দিনের মধ্যে স্বাক্ষর করতে হবে। চলতি মাসে মিত্র রাশিয়ার কাছ থেকে দুই বিলিয়নের বেশি ডলারের ঋণ ও সাহায্য পাওয়ার পর মানাস বিমান ঘাঁটি তুলে দেওয়ার পরিকল্পনার কথা জানান বাকিয়েভ। তিনি জানিয়েছিলেন বিমান ঘাঁটি ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের কাছে অতিরিক্ত ভাড়া চাওয়া হলেও তারা তা দিতে অস্বীকৃতি জানায়। মানস থেকে অল্প কয়েক কিলোমিটার দূরেই কান্ত নামক স্থানে রয়েছে রাশিয়ার বিমান ঘাঁটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৯০৩ ঘ.