কলোম্বো, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শ্রীলংকার যুদ্ধাঞ্চলের নাগরিকদের রক্ষার জন্য সরকার ও তামিল টাইগারদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের শীর্ষ জনকল্যাণ কর্মকর্তা জোন হোমস।
জাতিসংঘের জনকল্যাণ বিষয়ক আন্ডার-সেক্রেটারি জেনারেল জন হোমস বৃহস্পতিবার শ্রীলংকা পৌঁছান। যুদ্ধাঞ্চল থেকে পালিয়ে সরকার পরিচালিত শরণার্থী শিবিরগুলোতে আশ্রয় নেওয়া প্রায় ৩৬ হাজার মানুষের অবস্থা দেখতে হোমস শ্রীলংকায় যান।
শ্রীলংকায় সেনা অভিযান শেষ হয়ে আসার এই সময়ে ব্যাপক বেসামরিক নাগরিক হতাহতের খবরে হোমস উদ্বেগও প্রকাশ করেন। 'লিবারেশন টাইগারস অব তামিল ইলম' (এলটিটিই) বিদ্রোহিদেরকে ৮৭ স্কয়ার কিলোমিটার এলাকার মধ্যে কোনঠাসা করেছে সেনারা। যুদ্ধাঞ্চলে বেসামরিক নাগরিকদের রক্ষার জন্য সেনাবাহিনী টাইগারদের ওপর হামলা কমিয়ে দিয়েছে বলে জানিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী রোহিথা বোগোল্লাগামার সঙ্গে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের হোমস বলেন, "আমি সরকার এবং এলটিটিই'কে বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা এড়ানোর জন্য সম্ভাব্য সবকিছু করা এবং আন্তর্জাতিক মানবকল্যাণ আইনের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।"
ত্রাণ সংস্থাগুলোর হিসাব মতে, শ্রীলংকার যুদ্ধাঞ্চলে আটকা পড়েছে প্রায় ২ লাখ মানুষ। তবে সরকার বলছে, এ সংখ্যা ৫০ হাজার থেকে ৭০ হাজারের মধ্যে।
যুদ্ধাঞ্চল থেকে পালানোর চেষ্টারত লোকজনদের টাইগাররা গুলি করছে বলে এ সপ্তাহে জানিয়েছে জাতিসংঘ। তবে এলটিটিই এ অভিযোগ অস্বীকার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩২ ঘ.
bdnews24