হারারে, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়ের বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) এর এক শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। ওই কর্মকর্তার আইনজীবী রোববার একথা জানিয়েছেন।
এমডিসি'র মহাকোষাধ্যক্ষ রয় বেনেটেকে গত শুক্রবার নতুন মন্ত্রীসভার শপথ নেওয়ার আগে গ্রেপ্তার করা হয়েছে। জাতীয় ঐক্যের সরকারে তার উপ-কৃষিমন্ত্রী হওয়ার কথা ছিল।
বেনেটের আইনজীবী ট্রুস্ট মান্ডা জানিয়েছেন, তার মক্কেলকে আগামী সোমবার আদালতে হাজির করা হতে পারে বলে আশা করা হচ্ছে।
তিনি জানান, সরকারবিরোধী কর্মকাণ্ডে অস্ত্র ও বিস্ফোরক ক্রয় করতে অর্থের যোগান দেওয়ার অভিযোগ আনা হচেছ বেনেটের বিরুদ্ধে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন বেনেট।
মান্ডা জানিয়েছেন, রাজনৈতিক উদ্দেশ্য থেকেই তার মক্কেলের বিরুদ্ধে এই অভিযোগ আনা হচ্ছে।
বেনেটের গ্রেপ্তার দেশটির নতুন সরাকরের মধ্যে টানাপোড়েন সৃষ্টি করতে পারে। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে জিম্বাবুয়েকে রক্ষা করতে দীর্ঘ দিনের আলোচনা শেষে কয়েকদিন আগে জাতীয় ঐক্যের সরকার গঠিত হয়েছে। এমডিসি নেতা মর্গান স্যাঙ্গেরাই এই সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন।
বেনেটের গ্রেপ্তারের ঘটনায় এমডিসি নিন্দা জানালেও তারা এখনো পর্যন্ত এমন কোনো কঠোর পদক্ষেপের ঘোষণা দেয়নি যাতে নতুন সরকার হুমকির মুখে পড়তে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯০০ ঘ.
bdnews24