ওয়াশিংটন, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের বেসরকারী মালিকানাধীন একটি যোগাযোগ উপগ্রহের সঙ্গে রাশিয়ার একটি অকার্যকর সামরিক উপগ্রহের সংঘর্ষ হয়েছে। মহাশূন্যে এ ধরনের প্রথম সংঘর্ষ এটা। যুক্তরাষ্ট্রের এক সামরিক মুখপাত্র বুধবার একথা জানিয়েছেন।
রাশিয়ার উত্তরের আর্কটিক অঞ্চলের দিকে মহাকাশে মঙ্গলবার ওই ঘটনা ঘটে। এতে যুক্তরাষ্ট্রের ইরিডিয়াম স্যাটেলাইট এললসি'র একটি উপগ্রহের সঙ্গে কর্মক্ষমতা হারিয়ে ফেলা একটি সামরিক যোগাযোগ উপগ্রহের সংঘর্ষ হয়।
ইউএস স্ট্র্যটেজিক কমান্ডের এয়ার ফোর্স কর্নেল লেস কোডলিক একথা জানান।
তিনি বলেন, "আমাদের বিশ্বাস কক্ষপথে দুটি উপগ্রহের সংঘর্ষের ঘটনা এটাই প্রথম।"
কোডলিক আরও জানান, আনুমানিক ৪৮৫ মাইল উচ্চতায় ওই সংঘর্ষ ঘটে। সাধারণত এ উচ্চতায় আবহাওয়া পর্যবেক্ষণ উপগ্রহ এবং যোগাযোগ ও বৈজ্ঞানিক পর্যবেক্ষণ উপগ্রহগুলো থাকে।
তিনি বলেন, "কক্ষপথে এ উচ্চতাটি অনেক উপগ্রহের জন্যই খুব গুরুত্বপূর্ণ।"
এ সংঘর্ষের কারণে সৃষ্ট বর্জ্য মহাশূন্যের মানবসৃষ্ট বর্জ্য সমস্যাকে আরও প্রকট করে তুলবে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন এবং এ বিষয়ে আরও সতর্কতা প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
ইউএস স্ট্র্যটেজিক কমান্ডের যৌথ মহাকাশ অভিযান কেন্দ্র এখন ওই সংঘর্ষের ফলে সৃষ্ট ৫০০ থেকে ৬০০ টুকরো নতুন বর্জ্য অনুসন্ধানের চেষ্টা চালাবে। এসব টুকরোর মধ্যে কোনো কোনোটি এমনকি চার ইঞ্চির মতো ছোটও হতে পারে।
মহাকাশে ইতিমধ্যেই থাকা ১৮,০০০ এর মতো মানব সৃষ্ট বস্তুর সঙ্গে যুক্ত হবে এই নতুন বর্জ্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৪৩১ ঘ.
bdnews24