২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান নীতি পর্যালোচনায় জার্মানিতে ছয় বিশ্বশক্তির বৈঠক

ইরানের পরমাণু কর্মসূচি বন্ধের লক্ষ্যে দেশটিকে চাপ প্রয়োগের কৌশল ও নীতি পর্যালোচনায় বুধবার বৈঠকে বসেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য এবং জার্মানির দূতরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2009, 11:06 AM

Updated : 26 Aug 2022, 11:01 AM

বিসবাডেন, জার্মানি, ফেব্র"য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরানের পরমাণু কর্মসূচি বন্ধের লক্ষ্যে দেশটিকে চাপ প্রয়োগের কৌশল ও নীতি পর্যালোচনায় বুধবার বৈঠকে বসেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য এবং জার্মানির দূতরা। 'পি ফাইভ প্লাস ওয়ান' নামে পরিচিত যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন এবং জার্মানির শীর্ষ কর্মকর্তারা কয়েক বছর ধরে ইরান নিয়ে আলোচনা চালিয়ে এলেও জার্মানির বিসবাডেন শহরের এ বৈঠকটিকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতাগ্রহণের পর এটাই ইরান নিয়ে ছয় বিশ্বশক্তির প্রথম বৈঠক। সদ্যবিদায়ী বুশ প্রশাসন ইরানের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়টি বরাবরই নাকচ করে দিলেও নির্বাচনী প্রচারাভিযান থেকে শুরু করে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরও সরাসরি আলোচনার অঙ্গীকার করেছেন ওবামা। মঙ্গলবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ডের সঙ্গে বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, জার্মানিতে ওবামা প্রশাসনের নতুন এই নীতিকেই এগিয়ে নেওয়া হবে। হিলারি বলেন, "আমরা একটা হাত বাড়িয়ে দিচ্ছি, কিন্তু তাদের অবশ্যই মুষ্টি খুলতে হবে।" ইরানকে ইউরোনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে চাপপ্রয়োগ করতে এ যাবৎ তিনদফা নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর দাবি পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ইরান। কিন্তু ওই অভিযোগ অস্বীকার করে তাদের কর্মসূচিকে সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং কেবল জ্বালানি স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে পরিচালিত বলে দাবি করে আসছে ইরান। জার্মানিতে ছয়বিশ্বশক্তির এ বৈঠকের একদিন আগে ইরান জানিয়েছে প্রথমবারের মতো নিজেদের তৈরি কৃত্রিম উপগ্রহ কক্ষপথে পাঠাতে সক্ষম হয়েছে তারা। বিষয়টিকে পশ্চিমা অবরোধের মধ্যে থেকেও কাজ করার ক্ষেত্রে নিজেদের বিজ্ঞানীদের সাফল্য হিসেবে দাবি করেছে ইরান। একইসঙ্গে বিশ্বে নিজেদের মর্যাদাপূর্ণ অবস্থান প্রতিষ্ঠা করা এবং কোনো চাপের কাছে মাথানত না করার ঘোষণা দিয়েছে ইরান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১৭০০ ঘ.