তেহরান, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরান সোমবার কমপক্ষে ১০ জন সংস্কারবাদী নেতাকে গ্রেপ্তার করেছে। বিরোধীদলের একটি ওয়েবসাইটে একথা বলা হয়েছে।
আশুরার দিন সরকারবিরোধী বিক্ষোভে আটজন নিহত হওয়ার একদিন পরে এ গ্রেপ্তারের ঘটনা ঘটল।
ওয়েবসাইট 'দ্য নওরোজ' এ জানানো হয়েছে, সংস্কারবাদী নেতা মীরহোসেন মুসাভির তিনজন উপদেষ্টা ও সাতজন সংস্কারপন্থি রাজনীতিককে আটক করা হয়েছে।
আরেকটি ওয়েবসাইট 'জারাস' জানায়, মুসাভির ভাগ্নের মৃত্যুতে শোক প্রকাশ করার জন্য সমর্থকেরা সমবেত হলে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
ইরানের সুপ্রিম ন্যাশনাল কাউন্সিল জানিয়েছে, রোববারের সংঘর্ষে ইরানজুড়ে ৮ জন নিহত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, তেহরানে ৬০ জন আহত হয়েছে।
ব্যাপক এই বিক্ষোভ-সংঘর্ষ এবং মানুষের মৃত্যুর ঘটনা ইরানে আরেকটি নতুন রক্তক্ষয়ী অধ্যায়ের ইঙ্গিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অনুগত নিরাপত্তা বাহিনী সংস্কারপন্থি আন্দোলন কঠোর হাতে দমনের চেষ্টা চালাচ্ছে।
তেহরানে এক পশ্চিমা কূটনীতিক বলেছেন, ইরানে ১২ জুনের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর এটিই সবচেয়ে বড় বিক্ষোভ-সংঘর্ষের ঘটনা। ওই নির্বাচনের পর ইরান কর্তৃপক্ষ কঠোর হাতে বিরোধীদলের বিক্ষোভ দমন করেছিল।
ইরান কর্তৃপক্ষ চাপের মুখে থেকেও বিরোধীদলের ওপর নিয়ন্ত্রণ শিথিল করেনি।
রোববারের সংঘর্ষে বিরোধীদলীয় নেতা মুসাভির ভাগ্নে আলি হাবীবী মুসাভি খামেনি নিহত হন। অজ্ঞাতপরিচয় এক ঘাতক তাকে হত্যা করেছে বলে জানায় রাষ্ট্রীয় টেলিভিশন।
মধ্যপন্থি একটি ওয়েবসাইট সোমবার বলেছে, মুসাভির ভাগ্নের মৃতদেহ হাসপাতাল থেকে খোয়া গেছে। মুসাভির আরেক ভাগ্নে বলেছেন, আমরা তার দেহ না পাওয়া পর্যন্ত শেষকৃত্য সম্পন্ন করতে পারছি না। শেষকৃত্যানুষ্ঠানেও আরেক দফা বিক্ষোভ-সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।
বিরোধীদলের জারাস ওয়েবসাইটে বলা হয়েছে, মুসাভির তিন উপদেষ্টাকে সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে ৪ জন সংস্কারপন্থি রাজনীতিবিদ গ্রেপ্তার হওয়ার কথা জানিয়েছিল ওয়েবসাইটটি।
পুলিশ জানিয়েছে, রোববারের মৃত্যুর ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে এবং ৩০০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, নির্বাসিত বিরোধীদল মুজাহিদিন খালক সংগঠনের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৩১৮ ঘ.
bdnews24