ডিসেম্বর, ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অক্টোবরের মাঝামাঝিতে সোমালি জলদস্যুদের ছিনতাই করা একটি চীনা কয়লার জাহাজের জন্য রোববার ৪০ লাখ ডলার মুক্তিপণ দেওয়া হয়েছে। ছিনতাই হওয়া জাহাজটি থেকে জলদস্যুদের একটি সূত্র একথা জানিয়েছে।
চীনের দে সিন হাই নামক জাহাজটি ২৫ জন ক্রু এবং ৭৬ হাজার টন কয়লা নিয়ে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতের মুন্দ্রায় যাচ্ছিল। পথিমধ্যে এটি সোমালি জলদস্যুদের হাতে ছিনতাই হয়।
জাহাজটি থেকে এক জলদস্যু টেলিফোনে রয়টার্সকে জানিয়েছেন, " একটি হেলিকপ্টার মুক্তিপণের অর্থ রোববার জাহাজের ডেকে ফেলে গেছে। আমরা ৪০ লাখ ডলার পেয়েছি।"
ক্রুরা সবাই নিরাপদে আছে বলেও জানায় ওই সূত্র।
চীনের কিংডাও ওশেন শিপিং কর্পোরেশনের জাহাজ দে সিন হাই গত ১৯ অক্টোবরে ছিনতাই হয়।
এই মুক্তিপণের মধ্য দিয়ে জাহাজটি ছাড়া পাওয়ার পথ সুগম হল। তবে এ পদক্ষেপে জলদস্যুবৃত্তি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা আছে বলে সতর্ক করে দিয়েছেন ভারতীয় কয়লা ব্যবসায়ীরা।
ভারত মহাসাগর এবং এডেন উপসাগরে সোমালি জলদস্যুরা অহরহই জাহাজ ছিনতাই করে মুক্তিপণ হিসাবে লাখ লাখ ডলার হাতিয়ে নিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৫১ ঘ.
bdnews24