বেইজিং, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিন্ন মতাবলম্বী নেতা লিউ জিয়াওবোকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে চীন।
শুক্রবার একটি রুদ্ধদ্বার আদালতে তাকে এ দণ্ড দেওয়া হয়। লিউর বিরুদ্ধে অভিযোগ, তিনি রাষ্ট্রীয় ক্ষমতা থেকে কমিউনিস্টদের উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত।
বিচার কার্যক্রম প্রভাবিত হবে- এ আশঙ্কার কথা জানিয়ে কমিউনিস্ট রাষ্ট্র চীন কোনো কূটনীতিককে আদালতে ঢুকতে দেয়নি।
১৯৮৯ সালে তিয়েনআনমেন স্কয়ারে ছাত্র বিক্ষোভের অন্যতম নেতা ছিলেন লিউ। ২০০৮ সালে চীনে রাজনৈতিক সংস্কার নিয়ে যে 'চার্টার ০৮' অনলাইনে প্রকাশ হয়, তার অন্যতম লেখক লিউ।
চার্টার প্রকাশের কয়েকদিন আগেই লিউকে গ্রেপ্তার করা হয়। ৫৪ বছর বয়সি এ নেতা তখন থেকেই কারাগারে আছেন। বুধবার তার বিচার শুরুর পর শুক্রবারই রায় হয় বলে লিউর আইনজীবী জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৩১১ ঘ.
bdnews24