২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া-লেবানন সম্পর্কে নতুন অধ্যায়

লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল হারিরি রোববার বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে বৈঠকে তিনি প্রতিবেশী দুই আরব দেশের মধ্যকার সম্পর্কে 'নতুন দিগন্ত' উন্মেচনের বাস্তবসম্মত পদক্ষেপ নিতে একমত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2009, 02:00 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

দামেস্ক, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল হারিরি রোববার বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে বৈঠকে তিনি প্রতিবেশী দুই আরব দেশের মধ্যকার সম্পর্কে 'নতুন দিগন্ত' উন্মেচনের বাস্তবসম্মত পদক্ষেপ নিতে একমত হয়েছেন। আসাদ ও হারিরির মধ্যে শনিবার দামেস্কে 'গঠনমূলক' আলোচনার ফলে লেবাননে হারিরির নেতৃত্বাধীন রাজনৈতিক জোটের সঙ্গে সিরিয়ার পাঁচ বছরের বিদ্বেষপূর্ণ সম্পর্কের অবসান ঘটেছে। সিরিয়ায় দুদিনের সফর শেষে দামেস্কে লেবানন দূতাবাসে হারিরি এক সাংবাদিক সম্মেলনে বলেন, "আমরা দু দেশের মধ্যে নতুন দিগন্ত খুলে দিতে চাই।" তিনি বলেন, সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তার তিন দফায় চমৎকার আলোচনা হয়েছে। এ আলোচনা অন্তরঙ্গ ও খোলামেলা হয়েছে। বিস্তারিত কিছু উল্লেখ না করে হারিরি বলেন, আমাদের এবং প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষ থেকে মাঠ পর্যায়ে কয়েকটি ক্ষেত্রে এই সৌহার্দপূর্ণ ও আন্তরিক সম্পর্ক গড়ে তোলার আন্তরিক উদ্যোগ থাকবে। এর আগে শনিবার দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদের প্রবেশ দ্বারে হারিরিকে উষ্ণ অভ্যর্থনা জানান সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ। প্রেসিডেন্ট প্রাসাদে প্রথম দফা বৈঠকের পর সিরিয়ার প্রেসিডেন্টের সহযোগী বুথাইনা শাবান সাংবাদিকদের বলেন, "আমি এটুকু বলতে পারি যে, আন্তরিক পরিবেশে গঠনমূলক আলোচনা হয়েছে।" তিনি আরও জানান, বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের নেতার মধ্যকার সম্পর্কের বরফ গলেছে এবং তারা সব বিষয়ে খোলাখুলি, স্বচ্ছ্ব ও আন্তরিক আলোচনা করেছেন। সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা জানায়, দুই নেতা সব মতানৈক্যের অবসান ঘটিয়ে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন সূচনা নিয়ে আলোচনা করেছেন। সংবাদ সংস্থাটি হারিরির উদ্ধৃতি দিয়ে জানায়, তিনি সিরিয়ার সঙ্গে বাস্তবসম্মত ও কৌশলগত সম্পর্ক স্থাপন করতে চান। লেবাননের পার্লামেন্ট সদস্য এবং হারিরির আত্মীয়া বাহিয়া আল-হারিরি বলেন, "সব শেষে সিরিয়া হচ্ছে আমাদের নিকটতম দেশ। ঈশ্বরের কৃপায় এ সফরের ফলে লেবাননে স্থিতিশীলতা ও নিরাপত্তা ফিরে আসবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯৫৯ ঘ.