ওয়াশিংটন, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গুয়ানতানামো বে কারাগার আগামী গ্রীষ্মেই বন্ধ করে দেওয়া সম্ভব হবে। এ লক্ষ্যে কারাগারটির বন্দিদের স্থানান্তরের জন্য ইলিনয়ে একটি কারাগার কিনেছে যুক্তরাষ্ট্র সরকার। মার্কিন অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার বুধবার এ কথা বলেছেন।
বিচার মন্ত্রণালয়ে একটি সংবাদ সম্মেলনে তিনি জানান, ইলিনয়ের টমসন সংশোধনী কেন্দ্রটি অধিগ্রহণের ফলে কিউবার গুয়ানতানামো বে সামরিক বন্দিশালাটি বন্ধ করে দেওয়ার পথে অনেকখানি অগ্রসর হওয়া গেছে।
হোল্ডার জানান, কয়েক মাসের মধ্যেই কারাগারটি বন্ধ করে দেওয়া হবে। তবে পরে রয়টার্সকে তিনি বলেন, হয়তো গ্রীষ্মে অথবা আগামী বছরের প্রথমভাগ শেষে তা বন্ধ হতে পারে।
তিনি জানান, গুয়ানতানামো বন্দিশালাটি বন্ধ করে দেওয়ার জন্যই ইলিনয় অঙ্গরাজ্যের কারাগারটি কেনা হয়েছে। গুয়ানতানামোতে বন্দি বিদেশি সন্দেহভাজন সন্ত্রাসীদের রাখার জন্য যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই একটি স্থান খুঁজছিল ওবামা প্রশাসন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতাগ্রহণের পরপরই ওবামা বন্দিশালাটি ২২ জানুয়ারির মধ্যে বন্ধ করে দেওয়ার প্রতিশ্র"তি দেন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার পর বিদেশি বন্দিদের রাখার জন্য ২০০২ সালে প্রেসিডেন্ট বুশের প্রশাসন কারাগারটি স্থাপন করেছিল।
এ কারাগারে অভিযোগ গঠন ছাড়াই বন্দিদের বছরের পর বছর আটক ও জিজ্ঞাসাবাদের ধরন এবং বন্দিদের ওপর অত্যাচারের জন্য যুক্তরাষ্ট্রের এ বন্দিশালাটি বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়ে।
প্রতিশ্র"ত সময়ের মধ্যে বন্দিশালাটি বন্ধ করে দেওয়া হয়তো সম্ভব হবে না বলে গত মাসে ওবামা জানিয়েছেন।
হোল্ডারের মতো আরও অনেক প্রশাসনিক কর্মকর্তাও জানান, আইনি জটিলতা, রাজনৈতিক ও কূটনীতিক সমস্যার কারণে ওবামার প্রতিশ্র"ত সময়ের মধ্যে কারাগারটি বন্ধ সম্ভব হবে না।
কারাগারটিতে বর্তমানে ২১০ জন বন্দি রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৪২৩ ঘ.
bdnews24