ইসলামাবাদ, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দুর্নীতির অভিযোগে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও তার বেশ কিছু সহযোগীকে ক্ষমা করার অতীতের সিদ্ধান্ত বুধবার বাতিল করে দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। এতে পাকিস্তানে আবার রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা জেগেছে।
সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ ২০০৭ সালে এই ক্ষমার বিধান ঘোষণা করেছিলেন। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ফলে আমেরিকাপন্থি প্রেসিডেন্ট জারদারি চাপের মুখে পড়লেন যদিও প্রেসিডেন্ট হিসেবে বিচার থেকে তার রক্ষা পাওয়ার অধিকার রয়েছে।
প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরী আদালতে বলেন, এই রুল জারির ফলে ক্ষমার আওতায় স্থগিত হয়ে যাওয়া অতীতের সব মামলা পুনরুজ্জীবিত হবে। এসব মামলার বেশিরভাগই দুর্নীতির।
প্রেসিডেন্টের মুখপাত্র ফরহাতউল্লাহ বাবর বলেছেন, তারা সুপ্রিম কোর্টের আদেশের প্রতি শ্রদ্ধাশীল। তবে এ রুলিংয়ের কারণে প্রেসিডেন্টের পদত্যাগ করার কোনো সম্ভাবনা নেই।
আদালতের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, "পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) অতীতেও অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করেছে, ভবিষ্যতেও করতে সক্ষম। পিপিপি এ ঘটনায় ভীত নয়, এর নেতারা ভীত নয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৩০৭ ঘ.
bdnews24