ওয়াশিংটন, ১৬ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের ওবামা প্রশাসন গুয়ানতানামো বন্দিদের বেশকিছুকে ইলিনয় অঙ্গরাজ্যের একটি কারাগারে স্থানান্তর করবে। ওই কারাগারে ভেতর সামরিক আদালতে তাদের বিচার হবে। প্রশাসন মঙ্গলবার একথা বলেছে।
জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রেসিডেন্ট বারাক ওবামার শীর্ষ সহযোগীরা এক চিঠিতে বলেছেন, ইলিনয়ের উত্তরপশ্চিমাঞ্চলের টমসন কারেকশনাল সেন্টার কিনে নেওয়ার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার। "গুয়ানতানামো কারাগারের অল্পসংখ্যক বন্দিকে সেখানে স্থানান্তরের লক্ষ্যে কারেকশনাল সেন্টারটির কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।" পাশাপাশি সেখানে ফেডারেল কিছু বন্দিকেও রাখা হবে।
ইলিনয়ের ডেমোক্র্যাটিক দলীয় সিনেটর ডিক ডারবিন এবং গভর্নর প্যাট কুইন প্রেসিডেন্টের এ পদক্ষেপের প্রতি সমর্থন যুগিয়ে যাচ্ছেন। তবে তারা কেন্দ্রটিতে বন্দির সংখ্যা ১০০ জনেরও কম রাখার কথা বলেছেন।
কিউবার গুয়ানতানামো বে'তে মার্কিন নৌবাহিনীর আটক কেন্দ্রটি বন্ধ করে দেওয়ার ওবামার ঘোষিত পরিকল্পনার আওতায় এ বন্দি স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর ২০০২ সাল থেকে সেখানে বিদেশি বন্দিদের রাখা হচ্ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬২৮ ঘ.
bdnews24