২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা গরিব,তবে নির্বোধ নই: কোপেনহেগেনে আফ্রিকার তরুণরা

শুধু রাজনৈতিক অঙ্গীকার নয়, ঐক্যমত্যের সমাধান চাই। কোপেনহেগেনে সম্মেলনস্থলের সামনে সমবেত আফ্রিকান তরুণদের কথা এটাই। জানাচ্ছেন মারুফ মল্লিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2009, 06:50 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

মারুফ মল্লিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পরিবেশ প্রতিবেদক কোপেনহেগেন, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "আমরা গরিব, তবে নির্বোধ নই। জানি রাজনৈতিক চুক্তিতে পৌঁছানোর জন্য চাপ রয়েছে", কোপেনহেগেনের বেলা সেন্টারে মঙ্গলবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা বলছিলেন ঘানার মারগারেটা। প্যান আফ্রিকান ক্লাইমেট জাস্টিস অ্যালায়েন্সের ব্যানারে নিজের দাবি জানাতে সমবেত হয়েছিলেন মারগারেটাসহ আফ্রিকার বিভিন্ন দেশের বেশ কয়েকজন তরুণ-তরুণী। দরিদ্রতম দেশগুলোর উপযোগী হয় এমন এক সমাধানের দাবিতে বেলা সেন্টারে মঙ্গলবার তারা বিক্ষোভ করেন। আফ্রিকার ওই তরুণরা বলছিলেন, তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস বাড়লে আফ্রিকার জন্য তা হবে আত্মহননমূলক। তাপমাত্রা কোনোভাবেই এক ডিগ্রির বেশি বাড়া উচিত হবে না। এ সময় তারা 'ওয়ান আফ্রিকা, ওয়ান ডিগ্রি' বলে শ্লোগান দিচ্ছিলেন। তারা আরো বলেন, "আমরা কোনো রাজনৈতিক সমাধান চাই না। কিছু দেশ একটি রাজনৈতিক অঙ্গীকারে পৌঁছানোর চেষ্টা করছে। এটা রাজনৈতিক ব্যাপার। রাজনৈতিক এবং বহুজাতিক যোগসাজশে আমাদের আশা বরবাদ হয়ে গেছে। আমরা একটি ঐকমত্যের সমাধান খুঁজছি।" "১০ বিলিয়ন আমাদের কবর দেওয়ার কফিনের জন্যও যথেষ্ট নয়"। ২০১২ সাল নাগাদ অভিযোজনের জন্য ৩০ বিলিয়ন মার্কিন ডলারের তহবিল গঠনের পরিকল্পনা করেছে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (ইউএনএফসিসিসি)। গত সোমবার বিশ্বের ১৯২টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে শুরু হয়েছে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ সম্মেলন। মঙ্গলবার সকালেই আলোচনা দ্রুত শেষ করার দাবিতে বিক্ষোভ করে আরেকদল তরণ-তরুণী। তাদের একজন আমান্ডা ম্যাকেঞ্জি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে আমরা আলোচনা প্রক্রিয়ায় শক্তি জোগাচ্ছি।" "আর দেরি নয়, আমরা অপেক্ষা করতে পারছি না", বলেন তিনি। কিয়োটো সনদের মেয়াদ আগামী ২০১২ সালে শেষ হয়ে যাচ্ছে। বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী কার্বন ডাই অক্সাইড নির্গমন আরো কমানোই জাতিসংঘের এ সম্মেলনের মূল আলোচ্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এজে/এসকে/২৩৫৫ঘ.