জেনেভা, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- জলবায়ু পরিবর্তনের কারণে আগামী চার দশকে বিশ্বে একশ কোটি মানুষ ঘরছাড়া হতে পারে। অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংগঠন এক গবেষণা প্রতিবেদনে মঙ্গলবার একথা বলেছে।
কোপেনহেগেন জলবায়ু সম্মেলনের ২য় দিনে 'ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন' (আইওএম) তাদের প্রতিবেদনে বলেছে, হঠাৎ করে বেড়ে যাওয়া প্রাকৃতিক দুযোর্গের কারণে গত বছর মোট ২ কোটি লোক গৃহহীন হয়েছে। বিশ্ব ঊষ্ণায়ন বাড়তে থাকায় প্রাকৃতিক দুর্যোগ আরও বাড়ার আশঙ্কা আছে।
ফলে আগামী দিনগুলোতে উদ্বাস্তুদের সংখ্যা আরও বেড়ে যাবে বলেই উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এতে একটি হিসাব দিয়ে বলা হয়েছে, আগামী ৪০ বছরে জলবায়ু পরিবর্তনের কারণে ঘরছাড়া হতে পারে ২ কোটি ৫০ লাখ থেকে ১শ কোটি মানুষ।
গবেষণায় দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের কারণে ইতোমধ্যেই উদ্বাস্তু হওয়া লোকজনদের খুব কমই দেশ ছেড়ে যেতে সক্ষম হয়েছে। বেশিরভাগ মানুষেরই ভাল জায়গায় যাওয়ার উপায় এবং সামর্থ্য নেই।
উদ্বাস্তু মানুষেরা বেশিরভাগই ভিড় করছে জনাকীর্ণ হয়ে পড়া বিভিন্ন নগরীতে। এতে করে ইতোমধ্যেই পরিবেশের চাপের কারণে অনেক বেশি ঝুঁকির মুখে থাকা দরিদ্র দেশগুলোতে উদ্বাস্তুদের বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে।
প্রাকৃতিক দুর্যোগ গত ২০ বছরে দ্বিগুণেরও বেশি বেড়েছে। আইওএম তাদের প্রতিবেদনে বলেছে, গ্রিনহাউস গ্যাস নির্গমন বাড়তে থাকায় বন উজাড় হওয়া, পানি দূষণ এবং অন্যান্য আরও বিরূপ পরিস্থিতি দেখা দিয়ে পৃথিবী মানুষ বাসের অযোগ্য হয়ে উঠবে আরও বেশি।
এ শতাব্দীর শেষ নাগাদ জলবায়ুর আরও পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিশ্ব ঊষ্ণায়ন ২ থেকে ৫ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়লে মানুষের সরা-নড়ার ওপর এর বড় ধরনের প্রভাব পড়বে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১১১ ঘ.
bdnews24