শিকাগো, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- একাকীত্ব ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। ইঁদুরের ওপর গবেষণা থেকে পাওয়া নতুন তথ্যে এর প্রমাণ পাওয়া গেছে।
গবেষণায় দেখা গেছে, দলবদ্ধভাবে বাস করা ইঁদুরদের চেয়ে একা থাকা ইুঁদরদের ব্রেস্ট টিউমারের ঝুঁকি অনেক বেশি।
এ থেকেই একাকীত্ব স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে সোমবার অভিমত দিয়েছেন গবেষকরা।
গবেষকরা বলছেন, একাকী ইঁদুরদের ক্ষেত্রে দলবদ্ধভাবে বাস করা ইঁদুরদের চেয়ে ব্রেস্ট টিউমারের ঝুঁকি তিনগুণ বেশি এবং এ টিউমার প্রাণঘাতী হওয়ারও সম্ভাবনা থাকে।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমী অব সায়েন্স জার্নালে।
গবেষকরা জন্মের পর কতকগুলো ইঁদুরকে দল থেকে আলাদা করে রেখে দেখেছেন, তারা বেশি টিউমার আক্রান্ত হয়েছে এবং এগুলো ছিল মারাত্মক ধরনের টিউমার। দলে বাস করা ইঁদুরদের ক্ষেত্রে এমনটি দেখা যায়নি।
একা থাকার দুঃসহ চাপের কারণে এমনটি হয়ে থাকতে পারে বলে মনে করছেন গবেষকরা। যেটি মানুষের ক্ষেত্রেও হতে পারে।
তবে মানুষের ক্ষেত্রে একাকীত্বের সঙ্গে ক্যান্সারের ঝুঁকির সম্পর্ক প্রমাণ করতে গেলে এ নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন পড়বে বলে জানিয়েছেন গবেষকরা।
কানেকটিকাটের নিউ হাভেন বিশ্ববিদ্যালয়ের গবেষক গ্রেচেন হার্মেস গবেষণার নেতৃত্ব দিয়েছেন।
তিনি বলেন, অনেক গবেষণাতেই দেখা গেছে, মানুষের স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলে একাকীত্ব। ধুমপানে স্বাস্থ্যের যে ক্ষতি হয়, একাকীত্বও স্বাস্থ্যের ঠিক একইরকম বা তার চেয়েও বেশি ক্ষতি করে।
মানসিক চাপ মানবদেহে ক্যান্সার সৃষ্টিকারী জিনের প্রকোপ বাড়ায়। ইতোপূর্বে অনেক গবেষণাতেই দেখা গেছে, ভীত, উদ্বিগ্ন ইুঁদরদের ক্ষেত্রে টিউমার এবং মৃত্যু হওয়ার ঝুঁকি বেশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০২৪ ঘ.
bdnews24