ইসলামাবাদ, ডিসেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানে সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের প্রবর্তিত সাধারণ ক্ষমা আইন নিয়ে সোমবার শুনানি শুরু করেছে সর্বোচ্চ আদালত।
এ মামলার রায়ে পাকিস্তানে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে করে আরও দুর্বল হয়ে পড়তে পারে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির অবস্থান।
সুপ্রিম কোর্টের রায় আইনটির বিরুদ্ধে গেলে জারদারির ঘনিষ্ঠ সহযোগীরা নতুন করে দুর্নীতির অভিযোগের মুখে পড়তে পারেন।
মুশাররফের ওই ডিক্রিবলে সাধারণ ক্ষমার আওতায় রয়েছেন স্বরাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীরাসহ প্রায় ৮ হাজার জন।
সাধারণ ক্ষমা মামলায় প্রেসিডেন্ট বিচারের আওতা বহির্ভুত থাকায় জারদারির বিচার করা যাচ্ছে না। কিন্তু সাধারণ ক্ষমা আইন নিয়ে নতুন করে মামলা শুরু হওয়ায় জারদারি আরও নাজুক অবস্থায় পড়তে পারেন।
বিরোধীদল ইতোমধ্যেই ডিক্রিবলে সুরক্ষিত সরকারি কর্মকর্তাদের পদত্যাগের জোর দাবি তুলেছে। আদালতে এ নিয়ে মামলার উত্তেজনায় সরকারের তালেবান বিরোধী অভিযানের গতি শ্লথ হয়ে পড়ারও আশঙ্কা রয়েছে।
পারভেজ মুশাররফ নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনার আওতায় সাধারণ ক্ষমার ওই ডিক্রি জারি করেছিলেন।
জারদারি সরকার গত মাসে এই ডিক্রিতে পার্লামেন্টের অনুমোদন পাওয়ার পরিকল্পনা করেও জোটের শরিক ও বিরোধীদলের প্রতিবাদের মুখে তা বাদ দিতে বাধ্য হয়।
বিরোধীদল ইসলামিস্ট পার্টির নেতা কাজি হুসেইন আহমেদ আদালতের বাইরে সাংবাদিকদের বলেন, "এটি জঙলি আইন।"
কয়েক সপ্তাহ ধরে মামলার শুনানি চলবে বলে মনে করা হচ্ছে।
মামলা পরিচালনা করছে প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরির নেতৃত্বাধীন ১৭ সদস্যের বিচারক প্যানেল।
সাধারণ ক্ষমার আওতায় যারা রয়েছেন তাদের সম্পর্কে পরিপূর্ণ বিস্তারিত তথ্য আদালতকে দেওয়ার জন্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০০৪ঘ.
bdnews24