লন্ডন, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কোপেনহেগেন সম্মেলনকে ইতিহাস গড়ার সুযোগ মন্তব্য করে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় 'সঠিক পদক্ষেপ' নেওয়ার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্বের গণমাধ্যম।
এ আহ্বান জানিয়ে বিশ্বের ৫৬টি দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্র রোববার একটি যৌথ সম্পাদকীয় প্রকাশ করেছে।
এতে বলা হয়, "বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার জন্য খুব শিগগিরই সিদ্ধান্ত নেওয়া না হলে আমাদের আবাসভূমি উপর এর প্রতিশোধ নেবে প্রকৃতি। বিশ্বনেতারা ইতিহাস গড়ার একটি সুযোগ পাবেন কোপেনহেগেনে।"
কোপেনহেগেনে দুই সপ্তাহব্যাপী এই সম্মেলন সোমবার থেকে শুরু হচ্ছে। গ্রিন হাউজ গ্যাস নির্গমন কমিয়ে আনা, দরিদ্র দেশগুলো জন্য এবং পরিবেশবান্ধব প্রযুক্তি উন্নয়নের জন্য তহবিল গঠন- এসব নিয়েই আলোচনা করবেন ১৯২টি দেশের প্রতিনিধিরা।
সংবাদপত্রগুলোর প্রথম পৃষ্ঠায় ছাপানো ওই সম্পাদকীয়কে বলা হয়, "কয়েকশ' বছর ধরেই জলবায়ুু পরিবর্তন ঘটে আসছে এবং এর প্রভাব চিরস্থায়ী। একে নিয়ন্ত্রণ করার বিষয়ে আমাদের সিদ্ধান্তগুলো আগামী ১৪ দিনে নির্ধারিত হবে।"
"এটা ধনী দেশ ও দরিদ্র দেশগুলোর মধ্যেকার কোনো যুদ্ধ নয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব সবার ওপরই পড়বে, তাই একে মোকাবেলাও করতে হবে সবাই মিলে।"
ইংরেজি, চীনা, আরবি ও জার্মানসহ ২০টি ভাষায় প্রকাশিত এই সম্পাদকীয় ছাপায় লন্ডনের গার্ডিয়ান, ফ্রান্সের লো মোঁদ, টরোন্টো স্টার, গালফ টাইমস, বোতসোয়ানা গার্ডিয়ান, মিয়ামি হেরাল্ড, বাংলাদেশের দি ডেইলি স্টার প্রভৃতি পত্রিকা।
এতে আরো বলা হয়, "বিজ্ঞান জটিল হতে পারে, কিন্তু বাস্তবতা খুবই পরিষ্কার। পৃথিবীর তাপমাত্রা দুই ডিগ্রী সেলসিয়াস কমিয়ে আনতে বিশ্বের সব দেশকেই আগামী পাঁচ থেকে ১০ বছরের মধ্যে কার্বন নির্গমন কমিয়ে আনতে হবে।
"তিন থেকে চার ডিগ্রী তাপমাত্রা বৃদ্ধি পেলে মহাদেশগুলোর পানির মজুদ শুকিয়ে যাবে, ক্ষেত-খামার মরুভূমিতে পরিণত হবে। প্রাণীকূলের অর্ধেকের বেশি প্রজাতি হারিয়ে যাবে, অগুণতি প্রাণী বাসস্থান হারাবে এবং কোনো কোনো জাতি সম্পূর্ণ পানির নিচে তলিয়ে যাবে।"
"এখন এই প্রশ্ন করার সময় নয় যে মানুষ এর জন্য দায়ী কি না, বরং দেখতে হবে যে এর প্রভাবে ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে আমাদের হাতে সময় কতো কম।"
এই সম্পাদকীয়তে ন্যায্য ও কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য মূল ও প্রধান বিষয়গুলো নিয়ে একমত হয়ে তা একটি চুক্তিতে পরিণত করার জন্য কোপেনহেগেনে বিশ্বনেতাদের আহ্বান জানিয়েছে। আগামী বছর জুনে জার্মানির বন শহরেই এই চুক্তি সম্পাদনের সময় বেধেঁ দেয়া হয়েছে এই সম্পাদকীয়তে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন, ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংসহ প্রায় ১০০টি দেশের রাষ্ট্রপ্রধান এবং প্রায় ১৫ হাজার প্রতিনিধি এই সম্মেলনে যোগ দিচ্ছেন।
এই সম্মেলনকে 'বিশ্বের ইতিহাসে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আলোচনা' অ্যাখ্যায়িত করেছেন কয়েকজন বিজ্ঞানী।
কার্বন নির্গমন কমিয়ে আনার জন্য বিভিন্ন দেশ প্রতিশ্র"তি জানিয়ে জাতিসংঘের জলবায়ু দপ্তরের প্রধান ইভো ডা বোয়ার বলেন, "জলবায়ু বিষয়ে আলোচনায় গত ১৭ বছরে কখনোই ভিন্ন ভিন্ন দেশ এতো প্রতিশ্র"তি জানায়নি। এটা অভূতপূর্ব।"
১৯৯৭ সালে স্বাক্ষরিত 'কিয়োটো সনদ'র মেয়াদ আগামী ২০১২ সালে শেষ হচ্ছে। এই চুক্তি অনুযায়ী বিশ্বের মোট গ্রিন হাউজ গ্যাস নির্গমনের মাত্রা ৫ দশমিক ২ শতাংশ কমিয়ে আনার জন্য শিল্পোন্নত দেশগুলোকে কার্বন নির্গমনের মাত্রা কমিয়ে আনার সীমা নির্ধারণ করে দেওয়া হয়। যুক্তরাষ্ট্র অবশ্য ওই সনদে স্বাক্ষর করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১৪০০ ঘ.
bdnews24