২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব জলবায়ু সম্মেলন শুরু, চুক্তি নাগালের মধ্যে

ডেনমার্কের কোপেনহেগেনে শুরু হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2009, 07:46 AM

Updated : 26 Aug 2022, 12:27 PM

কোপেনহেগেন, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ডেনমার্কের কোপেনহেগেনে শুরু হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলন। (আরও তথ্যসহ) বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ঠেকাতে একটি সিদ্ধান্তে একমত হওয়া যাবে- এ প্রত্যাশা নিয়েই আলোচনায় বসেছেন ১৯২টি দেশের ১৫ হাজার প্রতিনিধি। সম্মেলনে পৃথিবীকে রক্ষায় একটি জলবায়ু চুক্তি নাগালের মধ্যেই আছে বলে উদ্বেধনী ভাষণে বলেছেন, আয়োজক দেশ ডেনমার্কের প্রধানমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন। তিনি বলেন, ১১০ জন বিশ্ব নেতা সম্মেলনের শেষ দিকে বৈঠকে যোগ দেবেন। ২০২০ সালের মধ্যে ধনী দেশগুলোর জন্য বেশিমাত্রায় গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমানোর চুক্তি এবং দরিদ্র দেশগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ সাহায্য দেওয়ার বিষয়টি স্থির করার চেষ্টা করবেন তারা। এ ব্যাপারে চুক্তি নাগালের মধ্যে আছে বলে মন্তব্য করেছেন রাসমুসেন। তিনি বলেন, এতজন বিশ্ব নেতার উপস্থিতি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় রাজনৈতিক দৃঢ়তার নজিরবিহীন উদ্যমেরই বহিঃপ্রকাশ। তিনি আরও বলেন, "আমরা ব্যবস্থা নিতে ব্যর্থ হলে আদতে এর দায় পোহাবে বিশ্বের বাদবাকী নাগরিকরা। যারা শেষ পর্যন্ত এর মারাত্মক পরিণতি ভোগ করবে।" কিন্তু সম্মেলনে গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমানোর ব্যয় ভাগাভাগি করা নিয়ে ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে গভীর আস্থা সঙ্কট দূর হওয়া জরুরি। গত দু'বছর ধরে এ বিষয়টির সুরাহা না হলেও এবারে চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ভারত গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমানোর লক্ষ্যমাত্রা ঘোষণা করায় এবং এসব দেশের নেতারা সম্মেলনে যোগ দেওয়ায় জলবায়ু চুক্তির সম্ভাবনা নিয়ে আশার সঞ্চার হয়েছে। ধনী দেশগুলোর কাছ থেকে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহায়তা পেলে দক্ষিণ আফ্রিকাও কার্বন নির্গমন ২০২০ সালের মধ্যে ৩৪ শতাংশ কমানোর লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে। কোপেনহেগেনের এ সম্মেলন ইতিহাসের সবচেয়ে বড় জলবায়ু সম্মেলন। এর আগে ১৯৯৭ সালে কিয়োটো চুক্তির সময় দেশগুলোর পরিবেশমন্ত্রীরা অংশ নিয়েছিলেন। তাতে বিশ্ব নেতারা যোগ দেননি। কিন্তু এবার বিশ্ব নেতাদের উপস্থিতির কারণে জলবায়ু পরিবর্তন মোকাবেলার আন্তর্জাতিক তৎপরতায় কোপেনহেগেন সম্মেলন ইতোমধ্যেই মোড় পরিবর্তনের সূচনা করেছে--- জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সচিবালয়ের প্রধান ইভো ডা বোয়ার এ মন্তব্য করেছেন। সম্মেলন চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এতে যোগ দেবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা যোগ দেবেন সম্মেলনের শেষ দিন। বিশ্বের প্রায় ১০৫ জন নেতাসহ বিভিন্ন দেশের ১৫ হাজার প্রতিনিধি যোগ দিচ্ছেন গুরুত্বপূর্ণ এ সম্মেলনে। কিয়োটা সনদের মেয়াদ আগামী ২০১২ সালে শেষ হচ্ছে। বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী কার্বন নির্গমন আরো কমানোই সম্মেলনের মূল আলোচ্য। সবচেয়ে বেশি কার্বন নিমর্গনকারী চীন, ভারত, রাশিয়া, যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের নেতারা সম্মেলনে যোগ দিয়ে কার্বন নিগর্মন কমানোর সিদ্ধান্তে একমত হওয়ার প্রতিশ্র"তি দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমআই/এলকিউ/১৩২৯ ঘ.