কানকুন, ডিসেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ আফ্রিকার ১২৮ টি পরিবারের ওপর গবেষণা চালিয়ে যক্ষ্মা প্রতিরোধের জেনেটিক বৈশিষ্ট্য খুঁজে পাওয়া গেছে। দেখা গেছে, জিনের কারণে অনেকেই যক্ষ্মা সংক্রমণ থেকে রক্ষা পেতে পারে। নতুন এ উপাত্ত যক্ষ্মার নতুন টিকা উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। শনিবার বিজ্ঞানীরা একথা জানিয়েছেন।
যক্ষ্মার বিশ্বের সপ্তম প্রাণঘাতী রোগ। ২০০৮ সালে বিশ্বজুড়ে এ রোগাক্রান্ত হয়ে প্রায় ১৮ লাখ লোক মারা গেছে। এর মধ্যে প্রায় ৫ লাখ মানুষ এইডস আক্রান্ত ছিল।
দক্ষিণ আফ্রিকার এ গবেষণাটি 'জার্নাল অব এক্সপেরিমেন্টাল মেডিসিন' এ প্রকাশিত হয়েছে। গবেষকরা জানিয়েছেন, এ গবেষণা প্রাকৃতিক পদ্ধতিতে টিবি প্রতিরোধের দ্বার খুলে দিতে পারে।
কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটির ' হিউমান জেনেটিক' ডিপার্টমেন্টের এরউইন স্কার এর নেতৃত্বে এ গবেষণা পরিচালনা করা হয়। শনিবার এক সাক্ষাৎকারে স্কার বলেন, "যক্ষ্মা সংক্রমিত হওয়া না হওয়াটা ভাগ্যের ব্যাপার নয়। একজন যক্ষ্মা সংক্রমিত হবে কিনা তা নির্ভর করে সেই ব্যক্তির জিনগত বৈশিষ্ট্যের ওপর এবং যক্ষ্মা প্রতিরোধেও তা কাজে লাগানো যায়।"
যক্ষ্মা সংক্রমণ জিনের সম্পর্কিত হলে এটি সনাক্ত করা এবং এরপর তা লক্ষ্য করে কারা আসলেই টিবি সংক্রমণের ঝুঁকির মুখে রয়েছে তা বের করা সুবিধাজনক হতে পারে বলে রয়টার্সকে জানিয়েছেন স্কার।
মাইকোব্যাকটিরিয়াম টিউবারকুলোসিস নামক ব্যাকটিরিয়াম সংক্রমণই যক্ষ্মা আক্রান্ত হওয়ার কারণ।
কেপ টাউনের দু টি শহরতলীতে ১২৮ টি পরিবারের ওপর গবেষণা করে গবেষকরা দেখেছেন, তাদের কেউই টিবি আক্রান্ত হয়নি। যদিও তাদের কারও কারও দেহে টিবি ব্যাকটিরিয়াম সংক্রমণ ঘটেছে।
স্কার জানান, ওই পরিবারগুলোর ১৮৬ জন অভিভাবক এবং ৩৫০ জন ছেলেমেয়ের ওপর গবেষণা করে দেখা গেছে, তাদের প্রায় ৪০ শতাংশেরই ব্যাকটিরিয়াম সংক্রমণ ঘটেনি। এপর তাদের জিন পরীক্ষা করে দেখা গেছে, দুই ধরনের ক্রমোজমের কারণে কেউ কেউ সংক্রমিত হয়েছে আবারও কেউ কেউ সংক্রমিত হয়নি।
একটি হচ্ছে, ক্রমোজম ১১ এবং অপরটি, ক্রমোজম ৫। ব্যকটিরিয়াম সংক্রমিত না হওয়ার পেছনে কাজ করেছে ক্রমোজম ৫।
স্কার বলেন, যে জিনটি যক্ষ্মা প্রতিরোধে কাজ করেছে গবেষকরা সেটির ক্লোন তৈরি করে তারপর একে
যক্ষ্মা প্রতিরোধে কাজে লাগানোর চেষ্টা চালাবে।
যক্ষ্মার কার্যকর টিকা প্রয়োজন। ১৯১৯ সাল থেকে যক্ষ্মা প্রতিরোধে ' ব্যাসিলি কালমেটি-গুয়েরিন (বিসিজি) টিকা ব্যবহৃত হয়ে আসলেও তা শুধু শিশুদের যক্ষ্মা প্রতিরোধে ব্যবহৃত হয়। প্রাপ্ত বয়স্কদের যক্ষ্মা প্রতিরোধে কোনো টিকা আবিস্কার হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬২০ ঘ.
bdnews24