মিউনিক, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নাৎসি বন্দিশিবিরের প্রহরী জন দেমিয়ানুক-কে (৮৯) সোমবার জার্মানিতে বিচারের মুখোমুখি করা হচ্ছে। তার বিরুদ্ধে ১৯৪৩ সালে গ্যাস চেম্বারে ২৭,৯০০ ইহুদিকে হত্যায় সহায়তা করার অভিযোগ আনা হয়েছে।
জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর মিউনিকের জনকীর্ণ আদালতের কাঠগড়ায় হুইলচেয়ারে করে দেমিয়ানুক হাজির হবে বলে মনে করা হচ্ছে। জার্মানিতে নাৎসিযুগের দৃশ্যত এটাই বড়ধরনের শেষ বিচার।
জার্মান রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের বিশ্বাস, দেমিয়ানুক সোবিবর মৃত্যুশিবিরে হত্যাযজ্ঞে সহায়তা করেছিলেন। এখন পোল্যান্ডে অবস্থিত ওই শিবিরে কমপক্ষে আড়াই লাখ ইহুদিকে হত্যা করা হয়। সিমন ওয়াইজেনথাল সেন্টারের করা মোস্ট ওয়ান্ডেড যুদ্ধাপরাধীদের তালিকায় দেমিয়ানুকের নাম রয়েছে।
ইহুদি গোষ্ঠীগুলো ও নিহতদের স্বজনরা বলেছেন, অপরাধের বিচার করার ক্ষেত্রে দেরি হওয়া বলে কোনো কথা নেই, এবং প্রতীকী অর্থেও তা করতে হবে।
লস অ্যাঞ্জেলসে ওয়াইজেনথাল সেন্টারের ডিন রাব্বি মারভিন হেয়ার বলেছেন, "একজন যুদ্ধাপরাধীর বিরুদ্ধে মামলা শুধু এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ভেবে আমরা যেন ভুল না করি।"
"জন দেমিয়ানুকের জন্য যখন ঘণ্টা বাজে, সে ঘণ্টা তখন অন্য যুদ্ধাপরাধীদের প্রতিও বাজতে থাকে। এতে তাদের বিনিদ্র রাত কাটলেও তা গুরুত্বপূর্ণ।" হেয়ার বলেন।
ইউক্রেনে জন্মগ্রহণকারী দেমিয়ানুক রাশিয়ার রেড আর্মির হয়ে দ্বিতীয় মহাযুদ্ধে লড়াই করার সময় নাৎসিদের হাতে ধরা পড়েন। নাৎসিরা তাকে বন্দিশিবিরের প্রহরী নিযুক্ত করে। ১৯৫১ সালে সে যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়ে ৫৮ সালে নাগরিকত্ব পায় এবং গাড়িশিল্পে কাজ করে।
এ বছরে মে মাসে তাকে জার্মানির হাতে প্রত্যর্পণ করে যুক্তরাষ্ট্র।
দেমিয়ানুক হলোকস্টে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন এবং তার পরিবারের দাবি তিনি এতোটাই অসুস্থ যে বিচারের মুখোমুখি হওয়ার মতো সামর্থ্য নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭৪৪ ঘ.
bdnews24