টরোন্টো, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পরমাণু ইস্যুতে একে অপরকে সহযোগিতা করতে শনিবার চুক্তিবদ্ধ হয়েছে ভারত ও কানাডা। এর মধ্য দিয়ে দু দেশের মধ্যে ১৯৭৪ সালের পর আবারও পরমাণু সহযোগিতার দ্বার খুলে গেল।
কানাডার ইউরেনিয়াম ফার্মগুলোর জন্যও নতুন সুযোগ সৃষ্টির পথ সুগম হল এতে। পরমাণু সহযোগিতা চুক্তির সারাংশ উল্লেখ করে এক বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার বলেন, ভারতের বেসামরিক পরমাণু জ্বালানি বাজারের সঙ্গে সহযোগিতা বাড়লে তা কানাডার কোম্পানীগুলোর জন্য নতুন নতুন সুযোগের দ্বার খুলে দেবে।
বিবৃতিতে আরও বলা হয়, কানাডা এবং ভারত এখন চুক্তিটিতে চূড়ান্ত সই এবং তা বাস্তবায়নের প্রস্তুতি সম্পন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
ত্রিনিদাদে কমনওয়েলথ সম্মেলনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রঅ হার্পার এবং ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মধ্যে আলোচনার পর এ বিবৃতি প্রকাশ করা হয়।
১৯৭৪ সালে ভারত কানাডার তৈরি চুল্লির পরমাণু উপাদান দিয়ে পরমাণু বোমা বানানোর চেষ্টা নিলে কানাডা দিল্লির সঙ্গে পরমাণু সহযোগিতা বন্ধ করে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬১৬ ঘ.
bdnews24