ম্যানিলা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সাংবাদিকদের জন্য মৃত্যুকূপে পরিণত হয়েছে ফিলিপাইন। বিশ্বে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থানগুলোর অন্যতম হিসাবে ফিলিপাইন চিহ্নিত হয়েছে আগেই। গত সোমবার ফিলিপাইনে নির্বাচনী গণহত্যায় ২৭ সাংবাদিক নিহতের ঘটনায় এ ধারণা আরও পোক্ত হয়েছে।
ফিলিপাইনের জাতীয় সাংবাদিক ইউনিয়ন জানিয়েছে, ২০০১ সাল থেকে এ পর্যন্ত ৫৯ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছে। সংখ্যাটি গত সোমবারের ২৭ জন বাদে।
বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অহরহই বিভিন্ন ধরনের হুমকি পাচ্ছেন। এদের কেউ গুলিতে নিহত হচ্ছেন আবার কেউ অপহরণের শিকার হচ্ছেন।
কিন্তু এ সপ্তাহের ঘটনা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে বলে শুক্রবার গণমাধ্যম বিশ্লেষকরা জানান। তারা জানান, একটি ঘটনায় একসঙ্গে এত সাংবাদিক খুনের ঘটনা কল্পনাতীত। ইরাক, আফগানিস্তান কিংবা সোমালিয়ার মতো যুদ্ধপ্রবণ দেশেও এমনটি ভাবা কঠিন।
টিভি সাংবাদিক এড লিনগাও রয়টার্সকে বলেন,"গত কয়েক বছর দক্ষিণ ফিলিপাইনের সংঘর্ষ প্রবণ অঞ্চলে কাজ করার সময় সাংবাদিকের পরিচয়পত্র আমাদের রক্ষাকবচ হিসাবে কাজ করছে। কিন্তু সোমবারের ঘটনায় প্রমাণ হল পরিচয়পত্রও আমাদের আর রক্ষা করতে পারবে না। এটি এখন কেবলই একটি কাগজের টুকরা, যা বন্দুকের গুলি ঠেকানোর জন্য যথেষ্ট নয়।"
আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী এক প্রার্থী সাংবাদিকদের সঙ্গে নিয়ে মনোনয়ন পত্র জমা দিতে যাচ্ছিলেন। এ সময় এক বন্দুকধারী গুলি চালিয়ে তাদের হত্যা করে। বন্দুকধারীকে বিরোধী পক্ষের সমর্থক বলে সন্দেহ করা হচ্ছে।
ওই প্রার্থী নিজে মনোয়নয়ন পত্র দাখিল করতে ভয় পাওয়ায় সিদ্ধান্ত নিয়েছিলেন নিজে না গিয়ে স্ত্রী ও বোনদের সঙ্গে সাংবাদিক পাঠিয়ে মনোনয়নপত্র দাখিল করবেন। তার বিশ্বাস ছিল, অন্তত এদের উপর আক্রমণ করবে না শত্র"পক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৭১৭ ঘ.
bdnews24