জেরুজালেম, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ১০ মাসের জন্য পশ্চিম তীরে বসতিস্থাপন বন্ধ রাখার পরিকল্পনা ঘোষণা করতে চান। বুধবারেই নিরাপত্তা মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার জন্য তিনি এ পরিকল্পনা ঘোষণার আগ্রহ প্রকাশ করেছেন।
এতে করে ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি আলোচনা নতুন করে শুরুর আশা জেগে উঠেছে। সরকারি সূত্রগুলো একথা বলেছে।
তবে নেতানিয়াহুর এই বসতিস্থাপন বন্ধের আওতার বাইরে রয়েছে পূর্ব জেরুজালেমের অংশ। ফলে শান্তি আলোচনা শুরুর আগে ইসরায়েলকে অধিকৃত সব অঞ্চলেই ইহুদি বসতিস্থাপন বন্ধ করতে হবে বলে ফিলিস্তিন যে দাবি জানিয়ে আসছে তা এর মধ্য দিয়ে পুরোপুরি পূরণ হচ্ছে না।
সরকারি একটি ষুত্র জানিয়েছে, নেতানিয়াহুর বুধবার সন্ধ্যায়ই পশ্চিম তীরে বাড়ি নির্মাণ ১০ মাসের জন্য বন্ধ ঘোষণা করার কথা রয়েছে। তবে পূর্ব জেরুজালেমের বসতির স্বাভাবিক বৃদ্ধি বন্ধ করা হবে না।
এ ব্যাপারে তাৎক্ষণিক মন্তব্যের জন্য নেতানিয়াহুর মুখপাত্রকে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১০১৫ ঘ.
bdnews24