ওয়াশিংটন, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতির বিষয়ে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংকে আশ্বস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে এ নিশ্চয়তা দেন তিনি।
যদিও ওবামার প্রশাসন ভারতের দুই প্রতিবেশি প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র পাকিস্তান ও চীনকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে, তারপরেও ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারের বিষয় নিশ্চয়তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
ওবামা প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রে মনমোহনই প্রথম রাষ্ট্রীয় সফর করছেন। তবে আফগানিস্তানে নতুন কৌশল নির্ধারণ ও ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির এজেন্ডায় এশিয়ার উদীয়মান শক্তি ভারত বাদ পরার ফলে দেশটির যে উদ্বেগ সৃষ্টি হয়েছে তা সমাধানে চ্যালেঞ্জের মুখে পড়েছেন ওবামা।
মনমোহন সিংকে অভিবাদন জানানোর অনুষ্ঠানে ওবামা বলেন, "ইতিহাসের এই গুরুত্বপূর্ণ সময়ে আপনার সফর আমাদের মধ্যে একটি সম্পর্কের সুযোগ করে দেবে.... একবিংশ শতাব্দীর তাৎপর্যপূর্ণ অংশীদারিত্বের একটি হবে এটি।"
পূর্বসুরি জর্জ ডব্লিউ বুশের মতো ওবামাও ভারতের সঙ্গে কূটনীতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় কিনা সে বিষয়ে হোয়াইট হাউস থেকে পরিষ্কার ভাবে জানতে চায় নয়াদিল্লি।
ওবামা বৈশ্বিক নিরাপত্তা ও উন্নতির জন্য ভারতকে "অপরিহার্য" উল্লেখ করেছেন। ওবামা হোয়াইট হাউসের দক্ষিণ চত্বরে একটি তাঁবুতে মনমোহনের সম্মানে নৈশভোজের আয়োজন করেন।
এ সময় মনমোহন বলেন, "আপনার হোয়াইট হাউজে প্রবেশ লাখ লাখ ভারতীয়র কল্পনাকে বাস্তবে পরিণত করেছে। যারা গণতন্ত্র, বৈচিত্র্য এবং সমানাধিকারকে মূল্য দেয় তাদের কাছে আপনি একজন উৎসাহদাতা হিসেবে কাজ করছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১২৩০ ঘ.
bdnews24