বেজিং, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ভারত ও পাকিস্তানের উচিত নিজেদের মধ্যেই কাশ্মীর সমস্যার সমাধান করা। চীন মঙ্গলবার একথা বলেছে।
কাশ্মীরের প্রধান বিচ্ছিন্নতাবাদী দল এই বিরোধ নিষ্পত্তিতে চীনের ভূমিকা আছে বলে মন্তব্য করার পর বেজিং এই মন্তব্য করল।
কাশ্মীরের সর্বদলীয় হুরিয়াত কনফারেন্স এর চেয়ারম্যান মিরওয়াইজ ওমর ফারুক গত সপ্তাহে বলেছেন, দক্ষিণ এশিয়ায় বিশেষ করে কাশ্মীরে শন্তি প্রতিষ্ঠায় চীনের দায় দায়িত্ব আছে। কারণ কাশ্মীরের কিছু অংশ বেজিংয়ের নিয়ন্ত্রণে।
ফারুক বলেন, "কাশ্মীর নিয়ে সংঘর্ষে চীন কোনো পক্ষ না হলেও এ অঞ্চলের শান্তি স্থাপনে তাদেরও দায় দায়িত্ব আছে।" ফারুক শিগগিরই চীন সফরের পরিকল্পনা করছেন বলেও জানান।
ফারুকের মন্তব্যের ব্যাপারে জিজ্ঞেস করা হলে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র কিন গ্যাং এ আহ্বানে তার সরকারের সাড়া দেওয়ার আগ্রহের ব্যাপারে কিছু বলেননি। কাশ্মীর সমস্যা সমাধানে চীন নাক গলালে তাতে ভারত নিশ্চিতভাবেই ক্ষুব্ধ হবে।
কিন এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, কাশ্মীর ইস্যুতে আমাদের অবস্থান একইরকম। আর তা হচ্ছে এটি ঐতিহাসিকভাবেই ভারত আর পাকিস্তানের মধ্যকার ইস্যু।
তিনি বলেন, "আমরা আশা করি ভারত ও পাকিস্তান দ্বিপক্ষীয়ভাবে আলাপ-আলোচনার মধ্য দিয়ে যাথাযথভাবে এ সমস্যা সমাধান করবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫৪ ঘ.
bdnews24