আমাতুয়ান, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিলিপাইনে নির্বাচন সম্পর্কিত সহিংসতায় ২৪ জন নিহত হওয়ার পর প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপাগল অ্যারোয়ো মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় দুটি প্রদেশ ও একটি নগরে জরুরি আইন জারি করেছেন।
"সহিংসতার কারণে উদ্ভূত বেশকিছু পরিস্থিতি দমন ও চাপা দেওয়া জরুরি হয়ে পড়েছে।"- প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি কের্গ রেমোন্ডো রয়াটার্সকে এ কথা বলেছেন।
মাগুইনদানাও ও সুলতান কুদরত প্রদেশ এবং কোতাবাতো নগরীতে জরুরি অবস্থা জারি করায় সেনাবাহিনী ও পুলিশ গ্রেপ্তার ও আটকের ব্যাপক ক্ষমতা পেল।
সোমবারের ওই হত্যাযজ্ঞের পর সেনারা কোদাল ও বেলচা নিয়ে মাগুইনদানাও প্রদেশে একটি গণকবর খুড়ে লাশগুলো বের করে।
রয়টার্সের একজন আলোকচিত্রী ২২টি লাশ দেখেছেন, এরমধ্যে ১৪ জন মহিলা ও ৮ জন পুরুষ। অনেক লাশ গুলিতে ক্ষতবিক্ষত, বেশ কয়েকটির অঙ্গপ্রত্যঙ্গ কাটা। কয়েকটি লাশ পিছমোড়া বাধা অবস্থায় পাওয়া গেছে। একজন মহিলা ছিল অন্তঃসত্ত্বা। নিহতদের ৮ জনই সাংবাদিক।
ফিলিপাইনে আগামী মার্চের গভর্নর নির্বাচনের মনোনয়ন দাখিল করতে যাওয়ার সময় ৪০ জনের একটি গ্র"পকে অপহরণ করা হয়। তাদের মধ্যে এই ২৪ জনের লাশ পাওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৫০৬ ঘ.
bdnews24