কেপ ক্যানাভেরাল, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পৃথিবী থেকে ২২০ মাইল উপরে মহাকাশে বসেই মেয়ের জন্মের খবর পেলেন নভোচারী র্যান্ডি ব্রেসনিক। রোববার মধ্যরাতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তার ঘুম ভাঙানো হয় প্রত্যাশিত এ খুশির খবর দিয়ে।
তার কিছুক্ষণ আগে সন্তানের জন্ম দেন র্যান্ডির স্ত্রী রেবেকা। ওই মহূর্তে আরও ১১ নভোচারীর সঙ্গে র্যন্ডিকে নিয়ে ২২০ মাইল দূর থেকে পৃথিবী প্রদক্ষিণ করছিল মহাকাশ স্টেশনটি। মেয়ের নাম রাখা হয়েছে অ্যাবিগেল মেই ব্রেসনিক।
মহাকাশ স্টেশনের জন্য খুচরা যন্ত্রপাতি নিয়ে নভোখেয়াযান 'আটলান্টিস'-এ চড়ে গত সোমবার ১১ দিনের জন্য মহাকাশে যাত্রা করেন র্যান্ডি।
স্বামীর যাত্রার আগমুহূর্তে রেবেকা এক সাক্ষাৎকারে বলেন, "সে মেয়ের জন্মের সময় পাশে থাকবে না বলে একটু খারাপ লাগছে। কিন্তু সময়টি নির্ধারণ করা তো আমাদের হাতে নেই। আর সে যা করছে, তার জন্যেও আমরা খুব উত্তেজিত ও আনন্দিত।"
রেবেকা আশা করেছিলেন, অভিযানে র্যান্ডির মহাকাশে হাঁটার সময়ে যেন তাদের মেয়ের জন্ম না হয়। সেদিক দিয়ে রেবেকার আশা পূরণ হয়েছে, কারণ রোববার মেয়ের জন্মমুহূর্তে র্যান্ডির আধাবেলা ছুটি ছিল।
এই দম্পতির কখনো সন্তান হবে না বলে চিকিৎসকরা জানানোর পরে গত বছর ইউক্রেনের একটি ছেলেকে দত্তক নেন তারা। ছেলেটি তাদের সঙ্গে হিউস্টনে এসে থাকতে শুরু করার তিন মাস পরেই রেবেকা বুঝতে পারেন তিনি এবার সত্যিই মা হতে যাচ্ছেন।
অভিযানে যাওয়ার আগে র্যান্ডি বলেন, আমাদের একটি সুস্থ ও চমৎকার তিন বছর বয়সী ছেলে আছে যার জীবন সম্পূর্ণ বদলে গেছে। পৃথিবীর অন্য প্রান্তের এক অনাথআশ্রম থেকে আসার পরে, কয়েক সপ্তাহ আগে সে তার বাবার সঙ্গে নভোখেয়াযানের সিম্যুলেটরে চড়েছে।
তিনি বলেন, "আমরা সত্যিই ভাগ্যবান। এক বছরের মধ্যেই আমরা একটি দত্তকশিশু ও জন্ম দেওয়ার মাধ্যমে আরেকটি শিশু পেয়ে যেনো আশীর্বাদ পেয়েছি।"
র্যান্ডি ও তার সহ-নভোচারীদের আগামী শুক্রবার কেনেডি স্পেস সেন্টারে ফিরে আসার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমএইচবি/১৫২৮ ঘ.
bdnews24