জাকার্তা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইন্দোনেশিয়ার রিয়াউ দ্বীপপুঞ্জে রোববার দুই শতাধিক যাত্রী নিয়ে একটি ফেরি ডুবে কমপক্ষে ৪ জন নিহত হয়েছে। তবে বেশির ভাগ যাত্রীকেই জীবীত উদ্ধার করা হয়েছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন।
খারাপ আবহাওয়ার কারণে ফেরিটি ডুবে যায়।
পরিবহন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জাকার্তায় এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, ফেরিটির ধারণক্ষমতা ২৭৩। কিন্তু ডুবে যাওয়ার সময় এতে আরও বেশি মানুষ ছিল বলে ধারণা করা হচ্ছে। ফেরির যাত্রীতালিকায় ২২৩ জনের নাম থাকলেও এটি সঠিক কিনা তা জানা যায়নি।
প্রায় ৩০০ মানুষ দুর্ঘটনা থেকে বেঁচে গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলেও জানান তিনি।
রিয়াউ'র পুলিশ প্রধান পুজি হারতান্তো মেট্রো টিভিতে বলেন, দুমাই এক্সপ্রেস-১০ নামের ফেরিটি সিঙ্গাপুরের কাছে বাতাম থেকে রিয়াউ এর দুমাই দ্বীপে যাচ্ছিল। এ সময় উত্তাল ঢেউয়ে ফেরিটি ডুবে যায়।
তিনি আরও জানান, বেঁচে যাওয়া যাত্রীদের সাগরে ভেসে থাকতে দেখা গেছে।
রিয়াউ পুলিশের মুখপাত্র ইয়াসিন কোসাসিহ জানিয়েছেন, দুমাই এক্সপ্রেস-১৫ নামের আরেকটি ফেরি ২৭৮ জন যাত্রী নিয়ে খারাপ আবহাওয়ার কবলে পড়ে ডুবে যায়। তবে ফেরির সব যাত্রী ও ক্রুদের জীবিত উদ্ধার করা হয়েছে। ফেরিটি বাতাম থেকে মোরো দ্বীপে যাচ্ছিল।
দ্বীপ দেশ ইন্দোনেশিয়ার এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যাতায়াতের প্রধান বাহন হচ্ছে ফেরি। ফলে দেশটিতে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা হয়ে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯২৬ ঘ.
bdnews24