লন্ডন, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের শিকাগোয় লস্কর-ই-তায়্যেবার সঙ্গে সম্পর্কিত সন্ত্রাসবাদের অভিযোগে দুই ব্যক্তি গ্রেপ্তার হওয়ার ঘটনায় জঙ্গি গোষ্ঠীগুলোর ভারত ও বিশ্বের অন্যত্র সন্ত্রাসী হামলা চালানোর চক্রান্ত করার সামর্থ্যকে তুলে ধরেছে।
ডেভিড হেডলি ও তাহাউর হোসেন রানাকে গত মাসে গেপ্তারের পর তাদের বিরুদ্ধে ডেনমার্কের সংবাদপত্র জিলান্দস-পোসতেন'এ হামলা চালানোর ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়েছে। ওই পত্রিকাটি ২০০৫ সালে হযরত মোহাম্মদকে নিয়ে কার্টুন ছেপেছিল।
আদালতে মার্কিন তদন্তকারীদের দাখিল করা তথ্যপ্রমাণ সূত্রে জানা গেছে, এই দুই ব্যক্তি তাদের পরিকল্পনা নিয়ে লস্কর ও আল কায়েদার সঙ্গে পাকিস্তানভিত্তিক জঙ্গি ইলিয়াস কাশ্মীরির সঙ্গে আলোচনা করে। লস্কর তাদের সঙ্গে ভারতে সম্ভাব্য হামলা চালানোর ব্যাপারে আলোচনা করে এবং ডেনমার্কে হামলার চেয়ে ভারতে হামলা চালানোর ব্যাপারে অগ্রাধিকার দিতে পরামর্শ দেয়।
কিছুদিন পাকিস্তানে কাটানো যুক্তরাষ্টের নাগরিক হেডলি এবং পাকিস্তানে জন্মগ্রহণকারী কানাডীয় নাগরিক রানা এখনো অভিযোগের জবাবে আপিল করেনি।
কর্মকর্তারা অনেক দিন থেকেই আশঙ্কা করছেন, লস্কর বিভিন্ন দেশে পাকিস্তানি বংশোদ্ভূত লোকজনের মধ্যে বৃহত্তর নেটওয়ার্ক গড়ে তুলে তাদের মাধ্যমে পশ্চিমা লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে।
লস্করের নেটওয়ার্ক যে কতটা শক্তিশালী হয়ে উঠেছে তার প্রমাণ দিচ্ছে শিকাগোর ঘটনাটি। এতে বোঝা যাচ্ছে, গোষ্ঠীটি ভারতে হামলা চালাতে এখনো তৎপর এবং একাজে তারা পুলিশের নজর এড়াতে হয়তো পশ্চিমা নাগরিকদের কাজে লাগাতে পারে।
বছর খানেক আগে মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১৬৬ জন নিহত হয় এবং দায়ী করা হয় লস্করকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১২৭ ঘ.
bdnews24