সউল, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়াকে উস্কানিমূলক আচরণ বন্ধ করে পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মাইয়ুং-বাক। বৃহস্পতিবার তারা এ আহ্বান জানান।
এছাড়াও উত্তর কোরিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্যে চুক্তির লক্ষ্যে এগুনোর ব্যাপারেও দুই প্রেসিডেন্ট একমত হয়েছেন।
ওবামা বলেন, "আমি যে বিষয়টিতে গুরুত্ব দিতে চাই তা হল আমি এবং প্রেসিডেন্ট লি দুজনেই অতীতের ধারা ভাঙার ব্যাপারে একমত হতে চাই। যাতে উত্তর কোরিয়া উস্কানিমূলক আচরণ থেকে পরবর্তীতে আলোচনায় ফিরে আসার ইচ্ছা প্রকাশ করে এবং তারপর এ থেকে ধীরে ধীরে আরও ছাড় দেওয়ার পথে এগোয়।"
সউলে ওবামা ও লি য়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে লি বলেন, উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র তৈরির আকাঙ্খা বাদ দিলে তারা ব্যাপক অর্থনৈতিক সাহায্য পাবে।
লি আরও বলেন, "আমার বিশ্বাস উত্তর কোরিয়া নিজের নিরাপত্তা, জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন এবং একটি নতুন ভবিষ্যতের পথ উন্মুক্ত করার জন্য এ প্রস্তাব গ্রহণ করবে।"
ওবামা এশিয়া সফরের ঠিক আগ মুহূর্তে দক্ষিণ কোরিয়ার সঙ্গে নৌ সংঘর্ষ করে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে উত্তর কোরিয়া।
মার্কিন প্রেসিডেন্ট জানান, উত্তর কোরিয়ার পরমাণু আলোচনা নিয়ে তৈরি অচলাবস্থা কাটানোর পথ খোলা আছে এবং ৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি স্টেফেন বোসওয়ার্থ পিয়ংইয়ং যাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১২০৬ ঘ.
bdnews24