লন্ডন, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০১০ সালে আফগানিস্তানের নিরাপত্তার দায়িত্ব হস্তান্তর শুরু করতে চায় ব্রিটেন। ফলে এর সময়সীমা নির্ধারণের জন্য ব্রিটেন আগামী বছর আফগানিস্তান নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের পরিকল্পনা করেছে। প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন সোমবার একথা বলেছেন।
আফগানিস্তানে ব্রিটিশ সেনাদের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী ছিল এ বছরটি। সেকারণে আফগান অভিযান অব্যাহত রাখার বিরুদ্ধে গেছে ব্রিটেনের জনরায়। আগামী জুনের নির্বাচনকে সামনে রেখে বিরোধী কনজারভেটিভ দলের কাছে পিছিয়ে থাকার ফারাক কমাতে সচেষ্ট ব্রাউনের জন্য এটি আরেকটি দুঃশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
ব্রাউন এখন ভোটারদের বোঝানো চেষ্টা করছেন যে, আফগানিস্তান থেকে বেরিয়ে আসার কৌশল নিয়েছেন তিনি।
যুক্তি দেখিয়ে তিনি বলছেন, আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীকে আরও বেশি প্রশিক্ষণ দেওয়া গেলে ব্রিটেন ধীরে ধীরে সেখানে সেনা সংখ্যা কমিয়ে আনতে পারবে। আফগান অভিযানকে আল কায়েদার বিরুদ্ধে লড়াই হিসেবেও উপস্থাপন করছেন ব্রাউন।
ব্রাউন বলেন, নতুন বছরে আফগানিস্তান বিষয়ক আন্তর্জাতিক বৈঠকের স্থান হিসেবে তিনি লন্ডনের নাম প্রস্তাব করেছেন।
সোমবার সন্ধ্যায় দেওয়া ভাষণে ব্রাউন বলেন, "আমি চাই এ সম্মেলন থেকে একটি সামগ্রিক রাজনৈতিক কাঠামোর মধ্য দিয়ে সামরিক কৌশল অর্জনের পথ বেরিয়ে আসুক।"
তিনি আরও বলেন, "এ সম্মেলনে আফগানিস্তানকে নিয়ন্ত্রণে রাখতে জেলায় জেলায় নিরাপত্তাভার হস্তান্তরের বিষয়টি নির্দিষ্ট করা ছাড়াও সম্ভব হলে ২০১০ সাল থেকেই তা শুরুর সময় নির্ধারণ করতে হবে আমাদের।"
আফগানিস্তানে নিয়োজিত বিদেশি সেনার মধ্যে ব্রিটেনের সেনাসংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ। নয় হাজার ব্রিটিশ সেনা রয়েছে দেশটিতে। গত আট বছরে নিহত হয়েছে ২৩৩ জন ব্রিটিশ সেনা।
ব্রাউন, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল এবং ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি সেপ্টেম্বরে আফগানিস্তান সম্মেলন অনুষ্ঠানের প্রস্তাব করেছেন। ব্রাউন এর আগে জানুয়ারিতে এ সম্মেলন অনুষ্ঠানের প্রস্তাব করেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১২৩৮ ঘ.
bdnews24