২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন করে লড়াইয়ের হুমকি উত্তর কোরিয়ার

দক্ষিণ কোরিয়াকে নতুন করে হুমকি দিয়ে উত্তর কোরিয়া শুক্রবার বলেছে, সমুদ্রসীমা নিয়ে তারা লড়াইয়ের জন্য প্রস্তুত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়া সফর শুরুর এই সময়ে উত্তর কোরিয়ার এ হুমকিতে উত্তেজনা বাড়ল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2009, 10:06 AM

Updated : 26 Aug 2022, 12:21 PM

সউল, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- দক্ষিণ কোরিয়াকে নতুন করে হুমকি দিয়ে উত্তর কোরিয়া শুক্রবার বলেছে, সমুদ্রসীমা নিয়ে তারা লড়াইয়ের জন্য প্রস্তুত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়া সফর শুরুর এই সময়ে উত্তর কোরিয়ার এ হুমকিতে উত্তেজনা বাড়ল। ওবামা এক সাক্ষাৎকারে উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে এশিয়ার নিরাপত্তায় বড় ধরনের হুমকি বলে মন্তব্য করেছেন। পিয়ংইয়ংয়ের নিরস্ত্রীকরণ আলোচনায় ফিরে আসা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। ওবামার এশিয়া সফরের আগে গত মঙ্গলবার পীত সাগরের জলসীমায় উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে নৌ-সংঘর্ষ হয়েছে। এতে দুপক্ষের জাহাজই ক্ষতিগ্রস্ত হয়েছে। কেসিএনএ বার্তা সংস্থায় উত্তর কোরিয়ার সেনাবাহিনীর এক বার্তায় বলা হয়েছে, ১৯৫০-৫৩ সালের কোরিয়া যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ নেতৃত্বাধীন বাহিনীর একতরফাভাবে নির্ধারণ করা জলসীমার কার্যকারিতা নেই বলেই মনে করে তারা। ফলে তাদের বিবেচনায় যে সমুদ্রসীমা সঠিক তা রক্ষায় নির্মম সামরিক পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে সেনাবাহিনী। এর একদিন আগে উত্তর কোরিয়া বলেছে, উত্তর কোরিয়ার টহল জাহাজে গুলি করায় দক্ষিণ কোরিয়াকে চড়া মূল্য দিতে হবে। সমুদ্রসীমা নিয়ে গত দশকে উত্তর ও দক্ষিণ কোরিয়া দুবার মারাত্মক নৌ-সংঘর্ষে জড়িয়েছে। তবে গত মঙ্গলবারের সংঘর্ষে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৪৯ ঘ.