স্পেন, নভেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উন্নয়নশীল দেশগুলো বুধবার ধনী দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই জোরদার করার আহ্বান জানিয়ে বলেছে, অন্যথায় তারা 'পুরোপুরি ধ্বংস' হয়ে যাওয়ার ঝুঁকির মুখে থেকে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন রোধে ধনী দেশগুলোকে কার্বন নির্গমন ৪০ শতাংশ কমানোর দাবি জানিয়েছে উন্নয়নশীল দেশগুলো। কিন্তু এ লক্ষ্য অর্জন সাধ্যাতীত বলে মন্তব্য করেছে জাতিসংঘ।
জাতিসংঘ জলবায়ু আলোচনায় ধীরগতির জন্য কার্বন নির্গমন হ্রাসের লক্ষ্যমাত্রা নিয়ে ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যেকার ১৭ বছরের মতবিরোধকে দায়ী করেছেন শীর্ষ মার্কিন জলবায়ু বিষয়ক কূটনীতিক টড স্টার্ন।
ধনী দেশগুলোকে কার্বন নির্গমন কমানোর জন্য বরাবরই চাপ দিয়ে আসছে উন্নয়নশীল দেশগুলো।
ডিসেম্বরে কোপেনহেগেনে জলবায়ু সম্মেলনের আগে বার্সিলোনায় প্রস্তুতিমূলক চূড়ান্ত অধিবেশনেও দরিদ্র দেশগুলো ওই চাপ বহাল রেখে বলেছে, ইউরোপীয় ইউনিয়ন কার্বন নির্গমন হ্রাসের যে লক্ষ্যমাত্রা দিয়েছে তা নতুন জলবায়ু চুক্তির জন্য যথেষ্ট নয়।
দরিদ্র দেশগুলোর প্রতিনিধিত্বকারী গ্র"প ৭৭ এবং চীন এর চেয়ারম্যান সুদানের লুমাম্বা স্ট্যানিস্লাউস দি-আপিং বলেন, "এর ফল হচ্ছে, উন্নয়নশীল দেশগুলোকে পুরোপুরি ধ্বংসের মুখে ফেলা। তাদের জীবীকা, অর্থনীতি, জমি, বন সব ধ্বংস হয়ে যাবে। কি উদ্দেশ্যে তা করা হবে?"
বার্সিলোনা আলোচনায় উন্নয়নশীল দেশগুলো ধনী দেশগুলোকে গ্রিন হাউস গ্যাস নির্গমন ২০২০ সালের মধ্যে ৪০ শতাংশ কমানোর ওপর জোর দিয়েছে। কিন্তু জাতিসংঘও বলছে, এ লক্ষ্যমাত্রা অর্জন করা সাধ্যের বাইরে। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সেক্রেটারিয়েটের প্রধান ইভো ডি বোয়ের বলেন, গ্রিন হাউস গ্যাস নির্গমন ৪০ শতাংশ হ্রাস করা খুবই দুরূহ হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৫৬ঘ.
bdnews24