ওয়াশিংটন, নভেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ও নিউ জার্সি অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে মঙ্গলবার ডেমোক্র্যাটদের পরাজিত করে জয়ী হয়েছে রিপাবলিকানরা। এর মধ্য দিয়ে ক্ষমতার একবছরে প্রেসিডেন্ট বারাক ওবামার রাজনৈতিক আগ্রযাত্রায় সীমাবদ্ধতার বহিঃপ্রকাশ ঘটেছে।
ভার্জিনিয়ায় ডেমোক্র্যাট প্রার্থী ক্রেইগ ডিডকে হারিয়ে জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী বব ম্যাকডোনেল। ওদিকে, নিউ জার্সির গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জন কোরজিনের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতেছেন রিপাবলিকান প্রার্থী ক্রিস ক্রিস্টি।
ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর গুরুত্বপূর্ণ এই দুই গভর্নর নির্বাচনকে প্রতিপক্ষ দুই দলের অবস্থান ধরে রাখার পরীক্ষা হিসাবেই দেখা হচ্ছে।
নিউ ইয়র্কেও মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট পতিপক্ষ বিল থম্পসনকে হারিয়ে স্বল্প ব্যবধানে তৃতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মাইকেল ব্লুমবার্গ। ৯৯ শতাংশ ভোট গণনায় ব্লুমবার্গ ৫১ শতাংশ ভোট পেয়েছেন। আর তার প্রতিপক্ষ পেয়েছেন ৪৬ শতাংশ ভোট।
তিন জায়গায় ডেমোক্র্যাটদের পিছিয়ে পড়া থেকে ওবামার প্রেসিডেন্সির এক বছরে মার্কিন জনগণের মনোভাব কেমন তার একটি আভাস পাওয়া যাচ্ছে।
ভার্জিনিয়ায় নির্বাচন শেষের এক ঘন্টা পরই মার্কিন টেলিভিশন নেটওয়ার্কে বলা হয়, ডেমোক্র্যাট ক্রেইগ ডিডস এর বিপরীতে রিপাবলিকান বব ম্যাকডোনেল সহজ জয় পেয়েছেন।
নিউ জার্সিতেও রিপাবলিকান প্রার্থী ক্রিস ক্রিস্টির বিপরীতে একই ভাগ্য বরণ করেছেন ডেমোক্র্যাটিক গভর্নর জন কোরজিন।
তবে গভর্নর নির্বাচনের এ ফল ওবামার ওপর জনরায় হোক বা না হোক ভোটাররা স্পষ্টতই যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে ৯ দশমিক ৮ শতাংশ বেকারত্বের হারের কারণে যারা ভোগান্তি পোহাচ্ছে তারা। ওবামা বেকারত্বের এই হার কমাতে পারেননি।
ভার্জিনিয়ায় ৯০ শতাংশ মার্কিনি এবং নিউ জার্সির ৮৫ শতাংশ মার্কিনিই বলেছে, তারা আসছে বছর দেশের অর্থনীতির গতিপ্রকৃতি নিয়ে উদ্বিগ্ন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২২৭ ঘ.
bdnews24