ওয়াশিংটন, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- এইচ১এন১ ভাইরাস তথা সোয়াইন ফ্লু থেকে পুরোপুরি রক্ষা পেতে ৯ বছরের কম শিশুদের দুই ডোজ টিকা লাগবে। আরও অনেক গবেষণায় বিষয়টি নিশ্চিত হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা সোমবার জানিয়েছেন।
এ ছাড়া সোয়াইন ফ্লু ভাইরাসে সবচেয়ে ঝুঁকির মধ্যে থাকা গর্ভবতী নারীদের ক্ষেত্রে এই টিকায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার লক্ষ্মণ দেখা যায়নি।
মার্কিন কর্মকর্তারা জানান, টিকার উৎপাদন জোরেশোরে চলছে এবং এই মহামারী প্রতিরোধে ইতিমধ্যেই ৩০ মিলিয়ন ডোজ টিকা সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে।
এই ভাইরাসটি দেখা দেওয়ার পর যুক্তরাষ্ট্রে কমপক্ষে ১০০০ মানুষ মারা গেছে এবং সংক্রমিত হয়েছে প্রায় পাঁচ মিলিয়ন। এর ওষুধ পেতে লম্বা লাইনও তৈরি হয়েছে দেশটিতে।
গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, সরকারগুলো যত বেশি শিশুকে এক ডোজ করেই টিকা দেওয়ার বিষয়টি ভাবতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব এলার্জি এন্ড ইনফেকশাস ডিজিজেস ড. এন্থনি ফউসি বলেছেন, বৈজ্ঞানিক তথ্যউপাত্ত বলছে, শিশুদের দুবার এই টিকা দেওয়াটা গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, "৬ মাস থেকে ৯ বছর বয়স পর্যন্ত শিশুদের রোগ প্রতিরোধ ব্যবস্থা অতোটা সাড়া দেয় না।" তাই তাদের একটি বুস্টার ডোজ দেওয়া দরকার বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও জানান, গবেষণার ফলাফলে দেখা গেছে, গর্ভবতী নারীদের ক্ষেত্রে এই টিকা ভাল কাজ করে এবং বড় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ঘটে না।
তিনি জানান, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত সোয়াইন ফ্লুতে ২৮ জন গর্ভবতী মারা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭২৪ ঘ.
bdnews24