ওয়াশিংটন, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, হন্ডুরাসের রাজনৈতিক সংকট সমাধান বিষয়ক আলোচনা পুনরুজ্জীবিত করতে ঊর্ধ্বতন মার্কিন সরকারি কর্মকর্তারা দেশটি সফরের প্রস্তুতি নিচ্ছে।
কর্মকর্তাদের বুধবার হন্ডুরাসে যাওয়ার কথা। সফরকালে তারা হন্ডুরাসের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ম্যানুয়েল জেলায়া এবং অন্তবর্তী সরকারের প্রধান রবার্তো মিচেলেত্তির সঙ্গে বৈঠক করবেন। আলোচনার জন্য দলটি দুই দিন হন্ডুরাসে থাকবে।
আগামী মাসে অনুষ্ঠেয় হন্ডুরাসের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই একটি সমঝোতা চুক্তির প্রয়োজনীয়তা নির্দেশ করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আয়ান কেলি বলেন, "আমার মনে হচ্ছে এটা খুবই জরুরি বিষয় হয়ে দাঁড়াচ্ছে।"
মার্কিন এই প্রতিনিধি দলে রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও হোয়াইট হাউসের ল্যাটিন আমেরিকা বিষয়ক শীর্ষ কর্মকর্তারা।
গত শুক্রবার শেষ দফা আলোচনাও ভেঙে যাওয়ার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এ সমস্যা আশু সমাধানের আহ্বান জানিয়ে জেলায়া ও মিচেলেত্তি দুজনকেই টেলিফোন করেছেন।
হিলারি সহকারি পররাষ্ট্রমন্ত্রী থমাস শ্যানন, তার ডেপুটি ক্রেইগ কেলি, ডান রেস্ট্রেপো এবং হোয়াইট হাউসের ডিরেক্টরকে দুপক্ষের সঙ্গে আলোচনার জন্য পাঠাচ্ছেন।
প্রতিনিধিরা অভিন্ন লক্ষ্যে পৌঁছতে দু'পক্ষের প্রতিনিধির সঙ্গে আলোচনা করবেন। তবে মিচেলেত্তি ও জেলায়া বিষয়টি সমাধানের জন্য মুখোমুখি বৈঠকে বসবেন কিনা তা এখনও স্পষ্ট বোঝা যাচ্ছে না।
সংকট সমাধান বিষয়ক আলোচনায় অচলাবস্থার কারণে অসন্তোষ প্রকাশ করেছে ওবামা প্রশাসন। ২৮ জুন হন্ডুরাসের প্রেসিডেন্ট ম্যানুয়েল জেলায়াকে ক্ষমতাচ্যুত করে নির্বাসনে পাঠায় সেনাবাহিনী। তিন মাস পর দেশে ফিরে ব্রাজিল দূতাবাসে আশ্রয় নেন জেলায়া।
কেলি জানিয়েছেন, ২৯ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ সংকট সমাধান করা দুপক্ষের জন্যই গুরুত্বপূর্ণ। নির্বাচনে জেলায়া এবং মিচেলেত্তি কেউই প্রার্থী না হলেও জেলায়া জানিয়েছেন, নির্বাচনের আগে তাকে পুনর্বহাল না করা হলে অন্তবর্তী সরকার আরও নিঃসঙ্গ হয়ে পড়বে এবং ভোটেরও বৈধতা থাকবে না।
কেলি বলেন, "আমরা নির্বাচন দেখতে চাই। এক মাসের মধ্যেই তা হতে যাচ্ছে। এর ফলে প্রত্যাশা অনুযায়ী আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সরকার পাবে হন্ডুরাসের জনগণ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫১৩ ঘ.
bdnews24