পেশাওয়ার, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানি সেনারা সোমবার দক্ষিণ ওয়াজিরিস্তানে তীব্র লড়াইয়ে ১৯ জঙ্গিকে হত্যা করেছে। অন্যদিকে তালেবানরা পাকিস্তানি সেনাদের মনোযোগ সরিয়ে নিতে উত্তর-পশ্চিমাঞ্চলের অন্যত্র অভিযান চালিয়েছে। কর্মকর্তারা একথা বলেছেন।
গত কয়েক সপ্তাহে জঙ্গিরা একের পর এক বোমা ও আত্মঘাতী হামলা চালিয়ে পাকিস্তান কাঁপিয়ে তুললে সেনাবাহিনী ১০ দিন আগে দক্ষিণ ওয়াজিরিস্তানে অভিযান শুরু করে। প্রায় ২৮ হাজার সেনা ১০ হাজার তালেবান যোদ্ধাকে মোকাবেলা করতে তিনদিক থেকে অগ্রসর হতে থাকে। জঙ্গি নিয়ন্ত্রিত এ অঞ্চলটি কব্জায় নেওয়া পাকিস্তান সরকারের জন্য একটি বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
পাকিস্তানের সেনাবাহিনী হেলিকপ্টার গানশিপ এবং কামান-মর্টারের গোলার সহায়তায় প্রচণ্ড লড়াইয়ের পর তালেবানদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কোটকাই শহর পুনর্দখল করতে সক্ষম হয়।
কোটকাইয়ের নিয়ন্ত্রণ নেওয়ার পর সেনারা জঙ্গিদের আরেকটি শক্ত ঘাঁটি সারারোঘার দিকে অগ্রসর হওয়ার পথে একটি গ্রামে তালেবানরা বাধা দিলে সোমবার প্রচণ্ড যুদ্ধ হয়।
ওই অঞ্চল থেকে একজন গোয়েন্দা কর্মকর্তা জানান, "তালেবানরা শক্ত প্রতিরোধ গড়ে তোলে এবং রকেটচালিত গ্রেনেড, ভারী ও হালকা মেশিনগানসহ সব ধরনের অস্ত্র ব্যবহার করে।"
সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, "সেনার ঘারলাই নামের গ্রামটি এবং পার্শ্ববর্তী গিরিখাত অধিকার করে নিয়েছে। এখানে লড়াইয়ে ১০ জঙ্গি ও ছয় সৈন্য নিহত হয়েছে।"
পুলিশ জানিয়েছে, একদল জঙ্গি সোমবার সকালের দিকে দক্ষিণ ওয়াজিরিস্তানের ১০০ কিলোমিটার উত্তর-পূর্বে হাঙ্গু শহরের কাছে একটি সেনাচৌকির ওপর হামলা চালায়। এতে ১৫ জঙ্গি ও ১ সেনা নিহত হয়েছে।
সপ্তাহ খানেক আগে পাকিস্তান সেনাবাহিনী তালেবানদের উৎপাটনের জন্য দক্ষিণ ওয়াজিরিস্তানে অভিযান শুরুর পর প্রধান জঙ্গি ঘাঁটির প্রবেশপথের গুরুত্বপূর্ণ শহর কোটকাইর তিনবার হাতবদল হয়। আফগানিস্তান সীমান্তবর্তী পার্বত্য দুর্গম অঞ্চলটি থেকে তালেবানদের হটানো কতোটা কঠিন তারই প্রমাণ দিচ্ছে এ ঘটনা।
কোটকাই পাকিস্তানে আত্মঘাতী হামলাকারীদের গুরু বলে পরিচিত ক্বারী হোসেন মেহসুদের নিজ শহর। পাকিস্তানি তালেবান প্রধান হাকিমুল্লাহ মেদসুদের জন্মস্থানও এটি।
সেনারা সোমবার প্রথম কোটকাই দখল করার পরদিনই তালেবানরা তা পুনর্দখল করেছিল।
অভিযানের শুরুর দিকে সেনাবাহিনী হালকা প্রতিরোধের সম্মুখীন হয়। তবে সেনারা দুর্গম পাহাড়ি এলাকায় জঙ্গিদের আস্তানায় এগিয়ে যাওয়ার পর্যায়ে লড়াই তীব্রতর হয়েছে।
জঙ্গিদের আন্তঃসীমান্ত চলাচল বন্ধ করতে পাকিস্তান সেনাবাহিনী গত বুধবার ন্যাটোবাহিনীর প্রতি আফগান সীমান্ত বন্ধ করে দেওয়ার আহ্বান জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯৫২ ঘ.
bdnews24