মস্কো, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা ব্যর্থ হলে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপে রাশিয়ার সমর্থন চান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। মঙ্গলবার এ আশা নিয়েই রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি।
দু'দিনের রাশিয়া সফরের মধ্য দিয়ে ইউরোপ সফর শেষ করছেন হিলারি। ক্রেমলিনের সঙ্গে নতুন করে ওয়াশিংটনের সম্পর্ক গড়াই তার এ সফরের লক্ষ্য।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠককালে হিলারি যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্কের নবসূচনার ইঙ্গিত দিয়ে বলেন, "আমার কনুই ভেঙে গিয়েছিল। কিন্তু এখন আমার কনুই এবং আমাদের সম্পর্ক দুইই আবার জোড়া লেগেছে এবং আমরা সামনে এগুচ্ছি। একে আমি স্বাগত জানাই।"
প্রেসিডেন্ট বারাক ওবামা ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার বুশ আমলের পরিকল্পনা থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়ায় যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক উন্নত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া এখন যুক্তরাষ্ট্রের মিশ্র বৈদেশিক নীতির ইস্যুগুলোতে আরও বেশি সহযোগিতার হাত বাড়াবে--- ওয়াশিংটন এমনটিই প্রত্যাশা করছে।
১৯ অক্টোবরে বিশ্বশক্তিগুলোর সঙ্গে ইরানের ২য় দফা পরমাণু আলোচনা কোনও সমাধান ছাড়াই শেষ হলে তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য রাশিয়ার সমর্থন দরকার যুক্তরাষ্ট্রের।
মার্কিন পররাষ্ট্রবিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সোমবার সাংবাদিকদের বলেছেন, ইরান আন্তর্জাতিক বাধ্যবাধকতা মানতে না চাইলে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের সঙ্গে মিলে রাশিয়া ইরানের ওপর কি ধরনের চাপ প্রয়োগ করতে প্রস্তুত থাকবে সে বিষয়টি নিয়েই হিলারি ল্যাভরভ এবং মেদভেদেভের সঙ্গে কথা বলতে চান।
ইরান এর আগে ১ অক্টোবরে ছয় বিশ্বশক্তির সঙ্গে বৈঠক করে তাদের নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্ট জাতিসংঘ অস্ত্র পরিদর্শকদের পরিদর্শন করতে দিতে রাজি হয়েছে। কর্মকর্তারা ওই বৈঠক ফলপ্রসূ বলে মন্তব্য করেছেন।
কিন্তু হিলারি এরই মধ্যে সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানকে কথাকে কাজে পরিণত করে দেখাতে হবে। ইরানের আন্তর্জাতিক বাধ্যবাধ্যকতা মানার প্রস্তুতি দেখতে বিশ্ব অনির্দিষ্টকাল অপেক্ষা করবে না বলেও তিনি সতর্ক করে দেন।
ওদিকে, ইরান বিশ্বশক্তিগুলোর সঙ্গে কোনও চুক্তি না হলে ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রযুক্তি তাদের আছে এবং গবেষণা চুল্লির জন্য জ্বালানিও আছে বলে হুমকি দিয়েছে।
ইরানের আণবিক শক্তি সংগঠনের এক মুখপাত্র আলি শিরজাদিয়ান ইরানি পত্রিকায় বলেন, "ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি আছে এবং তারা বিশ্বশক্তিগুলোর সঙ্গে আলোচনার টেবিলে বসবে। আলোচনা ব্যর্থ হলে ইরান জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা (আইএইএ)'র কাছে একটি চিঠি লিখে জানাবে যে, তেহরানের পরমাণু চুল্লির জন্য ইরান নিজেই জ্বালানি সরবরাহ করবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১২৩ ঘ.
bdnews24