ওয়াশিংটন, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--আগামী কয়েক সপ্তাহে আফগানিস্তান যুদ্ধ কৌশল সম্পর্কে সিদ্ধান্ত জানাবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি এ সিদ্ধান্তে সবাইকে খুশি করা যাবে না বলে ইতোমধ্যেই কংগ্রেস নেতাদের জানালেও আফগানিস্তানে সেনা বাড়ানোর কমান্ডারদের আহ্বান মেনে নেওয়ার ব্যাপারে রিপাবলিকানদের চাপের মুখে পড়েছেন।
আফগান যুদ্ধ কৌশল নিয়ে মতবিভেদ সম্পর্কে সচেতন ওবামা হোয়াইট হাউসে ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান আইনপ্রণেতাদের বৈঠক ডেকেছেন। ৮ বছরের আফগান যুদ্ধ কৌশলে রদবদলের বিষটি নিয়ে তাদের মতামত জানতেই এ বৈঠক। সেখানে তালেবান তৎপরতা বাড়ছে বলে জানিয়ে আসছে সোনাবাহিনী।
এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ওবামা আগামী কয়েক সপ্তাহে তার সিদ্ধান্ত জানাবেন এবং যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের ওপর ভবিষ্যৎ হামলা ঠেকানোর জন্য তিনি যে পথকে সবচেয়ে ভালো মনে করবেন তার ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন।
কর্মকর্তা আরও বলেন, ওবামা এও বলেছেন যে, তার সিদ্ধান্তে আইনপ্রণেতাদের সবাই কিংবা দেশের সবাইকে খুশি করা যাবে না। তবে তারপরও তিনি সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করে যাওয়ার প্রতিশ্র"তির ওপর গুরুত্ব দেন।
আফগান কৌশলের মূলে আছে সেখানে সেনা বাড়ানোর বিষয়টি নিয়ে ওবামা প্রশাসনে বিতর্ক। সেখানে আরও সেনা পাঠানো হবে না আফগান জনগণের আস্থা অর্জনের চেষ্টা করা হবে নাকি সংকীর্ণ পরিসরে আল কায়েদা টার্গেটগুলোতে বিমান হামলা চালানো হবে---বিতর্ক আছে সেটি নিয়ে।
রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন ওবামাকে মাঝামাঝি কোনও পদক্ষেপ না নিয়ে তাকে আফগানিস্তানে নিয়োজিত মার্কিন বাহিনীর কমান্ডারদের আহ্বান অনুযায়ী আরও বেশি সেনা পাঠানোর আহ্বান জানিয়েছেন।
জেনারেল স্ট্যানলিম্যাকক্রিস্টাল আফগানিস্তান যুদ্ধের জন্য অতিরিক্ত ৪০ হাজার সেনা ও প্রশিক্ষক পাঠানোর আহ্বান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪০৯ ঘ.
bdnews24