২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিল নাডুতে ডায়নোসোরের গুচ্ছ-গুচ্ছ ডিমের সন্ধান

ভারতের তামিল নাডু রাজ্যের একটি গ্রামে ডায়নোসোরের গুচ্ছ-গুচ্ছ ডিম পেয়েছে ভূ-তাত্ত্বিকরা। জীবাশ্মে পরিণত হওয়া ডিমগুলো প্রায় ৬৫ মিলিয়ন বছর আগের। ভারতের গণমাধ্যম এ খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2009, 12:58 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

চেন্নাই, অক্টোবর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের তামিল নাডু রাজ্যের একটি গ্রামে ডায়নোসোরের গুচ্ছ-গুচ্ছ ডিম পেয়েছে ভূ-তাত্ত্বিকরা। জীবাশ্মে পরিণত হওয়া ডিমগুলো প্রায় ৬৫ মিলিয়ন বছর আগের। ভারতের গণমাধ্যম এ খবর জানিয়েছে। দ্য হিন্দু পত্রিকা জানায়, অনুসন্ধানে অংশ নেওয়া দলের প্রধান, পেরিয়ার ইউনিভার্সিটির ভূ-তাত্ত্বিক এম রামকুমার বলেছেন, "আমরা স্তরের পর স্তরে ডায়নোসোরের ডিম ও দেহের অংশবিশেষ খুঁজে পেয়েছি। প্রতিটি গুচ্ছে রয়েছে ৮টি ডিম।" একেকটি ডিমের ব্যাস ১৩ থেকে ২০ সেন্টিমিটার (৫ থেকে ৮ ইঞ্চি)। প্রায় ১ দশমিক ২ মিটার প্রশস্ত (চার ফুট) বালুর বাসার মধ্যে ডিমগুলো শায়িত ছিল। ভারত ও জার্মানির অর্থায়নে পরিচালিত গবেষণা ও অনুসন্ধানে উদ্ধার হয়েছে এই ডিম। গবেষকরা জানান, ডেক্কান মালভূমির আগ্নেয়গিরির উদগিরণের ছাইয়ের নিচে পাওয়া যায় ডিমের গুচ্ছগুলো। ভূতাত্ত্বিকরা বলেছেন, ডায়নোসোরের বিলুপ্ত হয়ে যাওয়ার কারণও হয়তো ছিল ওই উদগিরণ। কাবেরি নদীর অববাহিকায় ডিমের ওই গুচ্ছের পাশাপাশি পাওয়া গেছে জীবাশ্মে পরিণত হওয়া ডায়নোসোরের গোবর ও হাড়ের অবশেষ। অনুসন্ধানী দলটির আরেক সদস্য, আনবারাসু বলেছেন, "বিভিন্ন স্তরে বিপুল সংখ্যায় ডিম পাওয়া যাওয়ায় এই ইঙ্গিত মিলছে যে, ডায়নোসোররা ডিম পাড়ার জন্য একই স্থানে বারে বারে ফিরে আসতো।" গবেষকরা স্থানীয় কর্মকর্তাদের প্রতি এলাকাটি ঘিরে রাখার অনুরোধ জানিয়েছে। কারণ এর আগে উত্তর ভারতে একইরকম আবিষ্কারের পর জীবাশ্মগুলো লুট হয়ে গিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮৪৮ ঘ.